‘আড়াই লক্ষ ভক্তের জন্য কী ব্যবস্থা ছিল?’ হাথরাস-কাণ্ডে এবার মামলা গেলো সুপ্রিম কোর্টে

হাথরাসের ভয়াবহ ট্র্যাজেডি নিয়ে এবার সুপ্রিম কোর্টে মামলা হয়েছে।জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী বিশাল তিওয়ারি।

‘ভোলেবাবা’-র সৎসঙ্গে যে দুর্ঘটনায় ১২২ জনের মৃত্যু হয়েছে, তার তদন্তের জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠনের আর্জি জানানো হয়েছে এই মামলায়।

আইনজীবী তাঁর আবেদনে বলেছেন, পাঁচ সদস্যের এই তদন্ত কমিটি ঘটনার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ারও সুপারিশ করবে।

এছাড়াও, আবেদনে আরও বলা হয়েছে:
উত্তর প্রদেশ সহ সব রাজ্যে পদপিষ্ট হওয়ার ঘটনাগুলির তথ্য, কতগুলি এমন ঘটনা ঘটেছে তা নিয়ে স্টেটাস রিপোর্ট দিতে হবে।এই ধরণের অনুষ্ঠানের আয়োজন করার ক্ষেত্রে কোনও গাইডলাইন আছে কি না, সেটাও জানতে চাওয়া হয়েছে।

এফআইআরে উল্লেখ করা হয়েছে:
অতিরিক্ত ভিড়ের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।আয়োজকরা ৮০ হাজার লোকের জমায়েতের অনুমতি চেয়েছিল, কিন্তু জড় হন প্রায় আড়াই লক্ষ মানুষ।দুর্ঘটনার সময় আয়োজকরা সাহায্যের জন্য এগিয়ে আসেননি, উল্টে প্রমাণ লোপাটের চেষ্টা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন:
‘ভোলেবাবা’-র জন্য বিশেষ ব্যবস্থা থাকলেও ভক্তদের জন্য কোনও ব্যবস্থাই ছিল না।কোনও মেডিক্যাল টিম ছিল না।প্রবল গরমেও কোনও ফ্যানের ব্যবস্থা ছিল না।খাবার বা জলও দেওয়া হয়নি।অথচ ‘বাবা’-র জন্য ছিল সবরকম ব্যবস্থা।
ঘটনার আগেই ওই জায়গা ছেড়ে বেরিয়ে যান তিনি।
এই মামলা হাথরাস ট্র্যাজেডির ন্যায়বিচার পেতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।