হাথরস কাণ্ডে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা, দাবি করা হলো সিবিআই তদন্তেরও

উত্তরপ্রদেশের হাথরসে মঙ্গলবার ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ১২১ জনের মৃত্যুর ঘটনায় এবার সুপ্রিম কোর্টে মামলা হল।আইনজীবী বিশাল তিওয়ারি শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছেন।

মামলায় আবেদন করা হয়েছে, পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় সুপ্রিম কোর্টের কোনও অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে যাতে তদন্ত কমিটি গঠন করা হয়।মামলাকারী আইনজীবীর আবেদন, পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হোক।

এদিকে, এলাহাবাদ হাইকোর্টেও জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।

আইনজীবী গৌরব দ্বিবেদী এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন।

এই মামলায়ও উঠেছে সিবিআই তদন্তের দাবি।

হাথরসের জেলা শাসক আশিস কুমার জানান, রতিভানপুরের মুঘলাগড়ি গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

অনুষ্ঠান শেষ হতেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় অনেকের।

হুড়োহুড়ির কারণ স্পষ্ট নয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, নারায়ণ সাকার ওরফে ‘ভোলেবাবা’ নামে এক স্বঘোষিত ধর্মগুরুর জন্য সৎসঙ্গের আয়োজন করেছিল ‘মানব মঙ্গল মিলন সদ্ভাবনা অনুষ্ঠান কমিটি’।

সৎসঙ্গকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে প্রবল উৎসাহ তৈরি হয়েছিল।

কয়েকহাজার ভক্ত একটি ছোট ঘেরা জায়গায় জড়ো হয়েছিলেন।

সেখানে ছিল না ফ্যানের ব্যবস্থা।

অনুষ্ঠানের শেষ দিকে ভিড়ের চাপে দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়েছিল।

বহু মানুষ একসঙ্গে অনুষ্ঠানস্থল থেকে বার হওয়ার চেষ্টা করেন।

কিন্তু বেরোনোর রাস্তাটি সংকীর্ণ হওয়ায় হুড়োহুড়ি পড়ে যায়।

অনেেকে ভিড়ের চাপ সামলাতে না পেরে পড়ে যান।

তাদের ওপর দিয়ে চলে যায় জনতা।

ঘটনাস্থলেই মৃত্যু হয় বেশ কয়েকজনের।

এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

অনেেকেই পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় আয়োজক সৎসঙ্গ কমিটিকে দায়ী করছেন।