রাফা অভিযানের দুই মাসে ৯০০ হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের

গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় সীমান্ত শহর রাফায় সামরিক অভিযান শুরুর পর গত দুই মাসে প্রায় ৯০০ হামাস যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলের সেনাপ্রধান জেনারেল হেরজি হালেভি এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের অস্থায়ী পোস্ট পরিদর্শনে গিয়েছিলেন হালেভি। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, গত মে মাসের শুরু থেকে এখন পর্যন্ত রাফায় প্রায় ৯০০ জঙ্গি (হামাস যোদ্ধা) নিহত হয়েছে। নিহতদের মধ্যে অন্তত একজন ব্যাটালিয়ন কমান্ডার, বেশ কয়েক জন কোম্পানি কমান্ডার এবং বহুসংখ্যক সাধারণ যোদ্ধা রয়েছে।
আরো কয়েক সপ্তাহ রাফায় অভিযান চলবে উল্লেখ করে ইসরায়েলের সেনাপ্রধান বলেন, অভিযানের প্রথম পর্যায় শেষ হয়েছে। এই পর্যায়ে এখন হামাসের সামরিক অবকাঠামো ধ্বংস করা হচ্ছে। এসব অবকাঠামোর মধ্যে বেশ কিছু আবার ভূ-গর্ভস্থ। তাই রাফায় অভিযান শেষ হতে খানিকটা সময় লাগবে।
গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফা এই উপত্যকার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে। গাজার একসময়ের ‘লাইফ লাইন’ নামে পরিচিত রাফা সীমান্ত ক্রসিংয়ের অবস্থান এই শহরেই। এই ক্রসিংয়ের অপর প্রান্তে মিসরের সিনাই উপদ্বীপ। ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর আগ পর্যন্ত রাফা ক্রসিং দিয়েই গাজার ফিলিস্তিনিদের জন্য খাদ্য ও ত্রাণের সরবরাহ আসতো।
গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। রাফায় অভিযানের আগে ইসরায়েলি হামলা থেকে বাঁচতে সীমান্ত শহরটিতে আশ্রয় নিয়েছিল কয়েক লাখ ফিলিস্তিনি। তবে ফিলিস্তিনিদের শেষ ‘নিরাপদ’ আশ্রয়স্থল রাফাও রেহাই পায়নি ইসরায়েলি সেনাবাহিনীর হাত থেকে। গত মে মাসের শুরু থেকে সেখানেও ব্যাপক আকারে আগ্রাসন শুরু করে ইসরায়েল।