“ওই দুটো ট্রফি আমরা জিততে চাই”-বিশ্বকাপের রেশ না কাটতেই ভারতকে নতুন লক্ষ্য দিলেন জয় শাহ

রোহিত শর্মাদের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর ৩ দিনও হয়নি। এরই মাঝে ভারত দলের জন্য পরবর্তী লক্ষ্য ঠিক করে দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ। লক্ষ্যপূরণে কাদের ক্রিকেটারদের দায়িত্ব নিতে হবে তাও জানিয়েছেন তিনি।

প্রাকৃতিক দুর্যোগের কারণে ভারতীয় দলের মতোই বার্বাডোজে আটকে পড়েন বিসিসিআই সচিব। সেখানেই রোহিত শর্মা, বিরাট কোহলিদের পরের লক্ষ্য স্থির করে দিয়েছেন তিনি।

টি-২০ বিশ্বকাপের সাফল্যে উচ্ছ্বসিত জয় বলেছেন, ‘আমাদের দল যেভাবে উন্নতি করছে, তাতে আমাদের পরবর্তী লক্ষ্য হল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা। এই দুই প্রতিযোগিতায় প্রায় একই দল খেলবে। সিনিয়র ক্রিকেটাররাও থাকবে। ওই দুটো ট্রফি আমরা জিততে চাই।’

রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা- ভারতীয় দলের তিন সিনিয়র ক্রিকেটার বিশ্বকাপ ফাইনালের পর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। টেস্ট এবং এক দিনের ক্রিকেট খেলবেন তারা।

স্বাভাবিকভাবেই ২০২৫ সালের টেস্ট বিশ্বকাপ ফাইনাল এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের পাবে ভারত। সে কথা মাথায় রেখে সম্ভবত তিন সিনিয়র ক্রিকেটারকে দায়িত্ব মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন জয়।

বোর্ড সচিব আরো বলেন, ‘বার্বাডোজে যিনি নেতৃত্ব দিয়েছেন, তিনি গত বছরের বিশ্বকাপেও আমাদের অধিনায়ক ছিলেন। ২০২৩ বিশ্বকাপে আমরা ফাইনাল ছাড়া বাকি সব ম্যাচ জিতেছিলাম। অস্ট্রেলিয়া ফাইনালে ভাল খেলেছিল।

এবার আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য বেশি কঠিন পরিশ্রম করেছি এবং ভাল খেলেছি। অন্য দলগুলোর দিকে তাকালে বুঝবেন, অভিজ্ঞতা কত গুরুত্বপূর্ণ। রোহিত, কোহলি-সহ সকলে দুর্দান্ত খেলেছে। অভিজ্ঞতা অনেক পার্থক্য তৈরি করে দেয়।’

বোর্ড সচিব মেনে নিয়েছেন, ভারতীয় দলের পালাবদলের অধ্যায় শুরু হয়ে গেছে। তিনি বলেন, ‘পালাবদল তো অবশ্যই শুরু হয়ে গেছে। তিনজন সিনিয়র ক্রিকেটার একসঙ্গে অবসর নিলেন। এর থেকেই তো পরিষ্কার।’

বিসিসিআই সচিবের মতে, সর্বোচ্চ পর্যায়ে সাফল্যে পাওয়ার জন্য দলে অভিজ্ঞতা এবং তারুণ্যের ভারসাম্য প্রয়োজন। এখনকার ভারতীয় দলে কোনোটারই অভাব নেই। সেটাই তাকে বেশি আশাবাদী করছে।