যৌন নির্যাতনে দোষী সাব্যস্ত, ‘বুদ্ধ বয়’ খ্যাত ধর্মগুরুর ১০ বছরের জেল

শিশুদের যৌন নিপীড়নের অভিযোগে রাম বাহাদুর বামজোন নামের এক ধর্মগুরুকে ১০ বছরের জেল দিয়েছেন নেপালের একটি আদালত।
সোমবার (১ জুলাই) দেশটির দক্ষিণাঞ্চলীয় জেলা সারহালির জেলা আদালত এই রায় ঘোষণা করেছেন।
কারাবাসের পাশাপাশি বামজোকে ৩ হাজার ৭৫০ ডলার ( ৪ লাখ ৪০ হাজার ৬৫৩ টাকা) জরিমানাও করেছেন বিচারক। সারহালি জেলা আদালতের কর্মকর্তা সিকিন্দার কাপার বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন এই তথ্য।
‘বুদ্ধবালক’ নামে পরিচিত বামজোনের বয়স বর্তমানে ৩৩ বছর। ধর্মগুরু হিসেবে তার উত্থান ঘটে ২০০৫ সালে। ওই সময় ১৪ বছর বয়স ছিল তার। নেপালের দক্ষিণপূর্বাঞ্চলের নিবিড় জঙ্গলে একটি গাছের নিচে তাকে ধ্যানরত অবস্থায় আবিষ্কার করেন কয়েকজন মানুষ। তারপর রাতারাতি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিখ্যাত হয়ে ওঠেন তিনি। পরিচিতি পাওয়ার পরও প্রায় ১০ মাস ওই গাছের নিচেই অবস্থান নিয়েছিলেন বামজোন।
পরিচিতি পাওয়ার পর থেকে তার ভক্তের সংখ্যা বাড়তে থাকে এবং এক সময় বন ছেড়ে রাজধানী কাঠমাণ্ডুতে এসে আবাস গাড়েন বামজোন। গত জানুয়ারি মাসে শিশুদের নিপীড়নের অভিযোগে কাঠমাণ্ডুর আবাস থেকে বামজোনকে গ্রেপ্তার করে নেপাল পুলিশ।