“৬ মাস চুপ ছিলাম, একদিন বলার সময় আসবে জানতাম”-হার্দিক পান্ডিয়া

আবেগ ধরে রাখতে পারেননি। হাউমাউ করে কেঁদেছেন। সতীর্থদের জড়িয়ে ধরেছেন। তারপরে হাতে জাতীয় পতাকা নিয়ে মাঠে ঘুরেছেন। হার্দিক পান্ডিয়ার চোখের জল বুঝিয়ে দিচ্ছিল, কতটা স্বস্তি পেয়েছেন তিনি।

জবাব দেওয়ার মঞ্চ ছিল তার। দিয়েছেন জবাবও। জানিয়েছেন, গত ৬ মাস ধরে এই দিনটারই অপেক্ষা করছিলেন তিনি। বিশ্বকাপ জেতার পর হার্দিক বলেন, খুব আবেগপ্রবণ হয়ে পড়ছি। অনেক পরিশ্রম করেছি। কিন্তু সাফল্য আসছিল না। আমার কাছে এটা বিশেষ মুহূর্ত।

এরপর কারণ জানিয়ে তিনি বলেন, গত ৬ মাসে আমার সঙ্গে অনেক কিছু হয়েছে। চুপ করে ছিলাম। একটাও কথা বলিনি। জানতাম, যদি পরিশ্রম করে যাই তা হলে একদিন জবাব দেওয়ার সুযোগ পাব। জানতাম, একদিন এই দিনটা আসবে।

সময় কঠিন এলেও নিজেদের উপর বিশ্বাস ছিল বলে জানান হার্দিক। তিনি বলেন, আমাদের বিশ্বাস ছিল। পরিকল্পনা করেছিলাম। সেটা কাজে লাগানোর চেষ্টা করেছি। শেষ পাঁচ ওভারের জন্য বুমরাহ ও বাকি বোলারদের ধন্যবাদ।

এই বোলিং অলরাউন্ডার বলেন, নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছি। প্রতিটা বলে ১০০ শতাংশ দিয়েছি। সব সময় চাপ সামলাতে ভালবাসি। এই ম্যাচেও চাপের মধ্যে থেকে জিতেছি।

কোচ হিসাবে বিশ্বকাপ জিতেছেন রাহুল দ্রাবিড়। তার জন্য খুশি হার্দিক। তিনি বলেন, দ্রাবিড় খুব ভাল মানুষ। তার জন্য খুব আনন্দ হচ্ছে। তাকে যে এভাবে বিদায় দিতে পেরেছি তাতে আমরা খুব খুশি। আমাদের সম্পর্ক বন্ধুর মতো হয়ে গিয়েছিল।

কথা বলার শেষ দিকে হার্দিকের কাছে চলে আসেন রোহিত। জড়িয়ে ধরে তার গালে চুমু খান। তারপরে দু’জনে একসঙ্গে উল্লাসে মাতেন।