SPORTS: হঠাৎ কান্নায় ভেঙে পড়লেন রোহিত, তাকে হাসাতে যা করলেন কোহলি

টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে হেসেখেলে হারিয়েছে ভারত। ম্যাচ শেষে একে একে সাজঘরে ঢুকছেন ভারতীয় ক্রিকেটাররা। হঠাৎ বাইরে একটি চেয়ারে বসে পড়লেন রোহিত শর্মা। তার চোখে তখন জল। বাঁ হাত তুলে চোখ ঢাকলেন। কয়েক সেকেন্ড পরে হাত নামালেন। তাকিয়ে থাকলেন সামনের দিকে।
দেখে বোঝা যাচ্ছিল, ফাইনালে উঠে, বিশেষ করে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠে কতটা আবেগপ্রবণ হয়ে পড়েছেন রোহিত। অধিনায়ক হিসেবে ২২৬ দিন পরে ভারতকে আরো একটি ফাইনালে তুলেছেন তিনি। হয়তো ভাবছিলেন সে সব কথাই।

কিছুক্ষণ পরে বিরাট কোহলি সাজঘর থেকে বেরিয়ে রোহিতের সামনে দাঁড়ালেন। তার গায়ে হাত রেখে কথা বললেন। হাসানোর চেষ্টা করলেন। কিছুক্ষণ পরে হাসি দেখা গেল রোহিতের মুখেও।

শনিবার ফাইনালে ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে তারা কেমন ক্রিকেট খেলতে চান সে কথা জানিয়ে দিয়েছেন রোহিত। ভারত অধিনায়ক বলেন, দল হিসাবে আমাদের খুব শান্ত থাকতে হবে।

এরপর তিনি বলেন, মাথা ঠান্ডা থাকলে তবেই সঠিক সিদ্ধান্ত নেয়া যায়। ফাইনালে জিততে হলে ভাল ক্রিকেট খেলা ছাড়া কোনো উপায় নেই। আমরা এবার আক্রমণাত্মক ক্রিকেট খেলছি। সেটাই ফাইনালে আরো একবার খেলতে চাই।

রোহিত এই ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন। কিন্তু আরো একবার ব্যর্থ হয়েছেন কোহলি। চলতি প্রতিযোগিতায় এখন পর্যন্ত তার ব্যাটে রান নেই। তাতে অবশ্য বেশি চিন্তা করছেন না রোহিত। ফাইনালেও কোহলিই ওপেন করবেন বলে জানিয়েছেন তিনি।

রোহিত বলেন, কোহলি কেমন ক্রিকেটার তা আমরা সবাই জানি। সবার ক্যারিয়ারেই খারাপ সময় আসে। ও জাত ক্রিকেটার। সেটাই গুরুত্বপূর্ণ। খারাপ সময় কেটে যায়। ওর রান করার কতটা তাগিদ রয়েছে সেটা দেখা যাচ্ছে। ফাইনালেও সে ওপেন করবে।