বিশেষ: চাকরি ছেড়ে চিকেন-পোলাও বিক্রি, গ্র্যাজুয়েট পিউদির দোকানে এখন উপচে পড়া ভিড়

চুঁচুড়া কোর্ট চত্বরে এখন দুপুর হলেই ভিড় জমছে ‘গ্র্যাজুয়েট পিউদির দোকানে’। তার ‘পকেটফ্রেন্ডলি কম্বো’ এবং স্পেশাল ‘পোলাও চিকেন কম্বো’ মন কেড়েছে সকলের।

পিউ দাস, চুঁচুড়া ধরমপুর আদর্শপল্লির বাসিন্দা লক্ষণ ও দিপালী দাসের মেয়ে। চন্দননগর খলিশানি কলেজের ফিলোজফি অনার্সের ছাত্রী ছিলেন পিউ। কলেজ শেষ করে প্রথমে তিনি হস্টেল ওয়ার্ডেন হিসেবে কাজ করতেন। কিন্তু, রান্নার প্রতি তার বিশেষ ঝোঁক ছিল। তাই চাকরি ছেড়ে শুরু করেন নতুন ‘স্টার্টআপ’।

কম দামে সুস্বাদু খাবার দেওয়ার লক্ষ্যে তিনি পোলাও-চিকেন, ফ্রায়েড রাইস-আলুর দম বিক্রি শুরু করেন।

‘গ্র্যাজুয়েট পিউদির দোকান’ নামের পেছনে আসলে কোন গল্প লুকিয়ে আছে?

পিউ বলেন, ‘পড়াশোনা শেষ করে চাকরি করছিলাম। কিন্তু, তারপর নিজের কিছু শুরু করার ইচ্ছে হয়েছিল। আমার রান্না করা শখ। সাধারণ মানুষের পকেটের স্বাস্থ্যের কথা মাথায় রেখে যাতে তাঁদের প্লেটে খাবার তুলে দিতে পারি সেই জন্য এই উদ্যোগ নিয়েছিলাম। এই জন্যই ব্যবসাটাকে নতুন করে দাঁড় করাই।’

প্রতিদিন প্রায় ১৪ কেজির মাংস রান্না করেন তিনি। পোলাও-চিকেন কম্বো ৫০ টাকা, পোলাও-আলুর দম কম্বো ৪০ এবং পোলাও-আলুর দম-চিকেন কষা কম্বো ৭০ টাকায় পাওয়া যায়।

গ্রাহকদের কাছ থেকে প্রচুর প্রশংসা পাচ্ছেন পিউ।