ইডি দপ্তরে হাজির হলেন ঋতুপর্ণা, সঙ্গে রয়েছেন অভিনেত্রীর হিসাবরক্ষকও

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) বুধবার, র্যাশন দুর্নীতি মামলায় (Ration corruption case) তদন্তের জন্য ইডি (ED) দপ্তরে হাজির হয়েছেন।

তলব দেওয়ার পর আজ সিজিও কমপ্লেক্সে কাগজপত্র নিয়ে ইডি দপ্তরে ঢুকলেন ঋতুপর্ণা। দুপুর ১টা নাগাদ সিজিওর সামনে এসে পৌঁছায় তাঁর গাড়ি।

তবে তাঁর আসার অনেক আগেই অভিনেত্রীর হিসাবরক্ষক কাগজপত্র নিয়ে পৌঁছে যান সিজিওতে।

ইডি আধিকারিকরা দাবি করেছিলেন, র্যাশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া এক অভিযুক্তের সাথে ঋতুপর্ণার আর্থিক লেনদেনের তথ্য তদন্তকারীরা হাতে পেয়েছেন।

সেই লেনদেন সম্পর্কে জানতে ঋতুপর্ণাকে তলব করে ইডি।

এদিন অভিনেত্রীর হিসাবরক্ষক জানিয়েছিলেন, অভিনেত্রীর কাছে যে সমস্ত হিসাব ইডি চেয়েছিল, তা তিনি, অর্থাৎ হিসাবরক্ষক দেখাশোনা করেন। তাই হিসাব বুঝিয়ে দিতে সুবিধা হবে বলে তিনি এসেছেন।

এর আগে গত ৫ জুনও জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে তলব করা হয়েছিল। যদিও সেসময় ঋতুপর্ণা হাজিরা দেননি। জানা গিয়েছিল, বিদেশে থাকার কারণে ইডি দপ্তরে যেতে পারেননি তিনি। একথা তিনি ইডি আধিকারিকদের ইমেল করে জানান।

আজ ইডি অফিসে হাজির হওয়ার পর ঋতুপর্ণা কিছু বলেননি। তদন্তকারীরা তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন বলে জানা গেছে।