“মালগাড়ির চালকের বিরুদ্ধে কোনও অভিযোগ করিনি”-তাহলে অভিযোগ করলো কে? উঠছে প্রশ্ন

সোমবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে রাঙাপানি ও নিজবাড়ি স্টেশনের মধ্যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস একটি মালগাড়ির সাথে ধাক্কা খায়।
দুর্ঘটনায় মালগাড়ির লোকো পাইলট নিহত হন এবং বেশ কয়েকজন যাত্রী আহত হন।

শিলিগুড়ির লেকটাউন এর বাসিন্দা চৈতালি মজুমদার নামে এক যাত্রী দাবি করেন যে, তিনি মালগাড়ির চালক ও সহ চালকের বিরুদ্ধে জিআরপিতে অভিযোগ দায়ের করেছেন।

জিআরপি সুপারিনটেনডেন্ট বলেছেন যে, চৈতালিই অভিযোগ জানিয়েছেন।কিন্তু চৈতালি অন্য কথা বলছেন। তিনি বলছেন, তাকে হাসপাতালে একটি সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছিল এবং তিনি আসলে কোন অভিযোগ করেননি।শারীরিক অবস্থা তখন অভিযোগ জানানোর মতো ছিল না বলেও তিনি দাবি করেছেন।

তাঁর কথায়, ‘আমার কাছে কিছু আরপিএফ এসেছিলেন। বিভিন্ন তথ্য নিয়ে যান। যেমন নাম, ঠিকানা। রাতে কয়েকজন এসেছিলেন। আমি কী অবস্থায় ছিলাম তা ভিডিয়ো করেন তাঁরা। তারপর চলে যায়। রাতে দুই জনে পুলিশ এসে নাম ঠিকানা জানতে চান।’

তাঁর কথায়, ‘আমি অভিযোগ করেছি বলে জানতে পারি সংবাদ মাধ্যম মারফত। কিন্তু, আমি এমন কোনও কাজ করিনি। আমার শারীরিক পরিস্থিতি সেই রকম নয় যে কারও নামে অভিযোগ করতে পারি। ট্রেনে কোন গাড়ি ধাক্কা দিয়েছে? কেন দিয়েছে? তা বাইরে থেকে বোঝা আমাদের জন্য সম্ভব নয়। আমি যাঁদের সম্পর্কে কিছু জানি না তাঁদের বিরুদ্ধে কেন এফআইআর করতে যাব?’

চৈতালির বাবার দাবি, ‘ আমরা কারও বিরুদ্ধে কোনও অভিযোগ করিনি।’ সেক্ষেত্রে কে এই অভিযোগ করল?