BigNews: আর মিলবে না ‘অগ্রিম’, প্রভিডেন্ট ফান্ড তোলার নিয়মে বড় বদল

কোভিড অতিমারী চলাকালীন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের জন্য প্রভিডেন্ট ফান্ড (পিএফ) থেকে অগ্রিম টাকা তোলার বিশেষ সুযোগ বন্ধ করে দিয়েছে কেন্দ্র।
ইপিএফও চলতি বছরের 12 জুন বিশেষ বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানিয়েছে।কোভিড অ্যাডভান্স নামে পরিচিত এই সুবিধাটি 2020 সালে কোভিড অতিমারীর প্রথম ঢেউয়ের সময় চালু করা হয়েছিল।
2021 সালের মে মাসে দ্বিতীয় ঢেউয়ের সময়ও এই সুবিধা অব্যাহত ছিল।এই সুবিধা বন্ধ করার কারণ হিসেবে ইপিএফও বলেছে যে, করোনা এখন আর অতিমারী নয়।
2020 সালের মার্চে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে পিএফ অ্যাকাউন্ট হোল্ডারদের অগ্রিমের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
বর্তমানে গৃহ নির্মাণ, কোম্পানি বন্ধ হয়ে যাওয়া, অসুস্থতা, বিয়ে বা সন্তানের উচ্চ শিক্ষার মতো বিষয়ের ক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট থেকে অগ্রিম টাকা তোলার অনুমতি দিয়ে থাকে ইপিএফও।সেই নিয়মে কোনও বদল হচ্ছে না।
বেসরকারি সংস্থায় কর্মরতদের অবসরকালীন সুযোগ সুবিধা প্রদানের জন্য সরকার ইমপ্লোয়িজ প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ) চালু করেছে।এই ফান্ডে টাকা জমানোর জন্য কর্মীকে বেতনের একটি অংশ দিতে হয়।সম পরিমাণ অর্থ প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা করে সংশ্লিষ্ট কোম্পানি।বর্তমানে এতে 8.25 শতাংশ সুদ দিচ্ছে সরকার।