BigNews: শিক্ষকরা বকেয়া বাড়িভাড়া পাবেন ৬% সুদে, নির্দেশ দিলো হাইকোর্ট

রাজ্য সরকারের বিজ্ঞপ্তি বাতিল হয়ে গেলেও শিক্ষক-শিক্ষিকাদের বকেয়া বাড়ি ভাড়া ভাতা (HRA) এখনও মেটানো হয়নি। এই পরিস্থিতিতে হতাশ শিক্ষকদের আশ্বস্ত করেছে আদালত। রাজ্য সরকারকে বকেয়া HRA-র পাশাপাশি 6% সুদও দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

বিচারপতি বিশ্বজিৎ বসুর আদালত গত কয়েকদিনে 14 টিরও বেশি মামলায় এই নির্দেশ দিয়েছেন। আদালতের মৌখিক পর্যবেক্ষণে বলা হয়েছে, “সরকারি বিজ্ঞপ্তি বাতিল করেছে হাইকোর্ট। তার পরেও কীভাবে টাকা বকেয়া রাখা হচ্ছে, তা বোধগম্য নয়।” ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে জেলা স্কুল পরিদর্শকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও ইঙ্গিত দিয়েছে আদালত।

2012 সালে রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে। সেখানে বলা হয়েছিল, স্বামী-স্ত্রীর মধ্যে যদি একজন বেসরকারি প্রতিষ্ঠানে এবং অন্যজন সরকারি স্কুলে শিক্ষকতা করেন, তাহলে তাদের মধ্যে কেবল একজনই HRA পাবেন।কিন্তু 2021 সালে কলকাতা হাইকোর্ট এই বিজ্ঞপ্তি বাতিল করে দেয়।
বিচারপতি শেখর ববি শরাফের আদালত দ্রুত বকেয়া HRA মেটানোর নির্দেশ দেয়।

কিছু জেলায় নির্দেশ আংশিকভাবে কার্যকর হলেও, বেশিরভাগ ক্ষেত্রেই তা বাস্তবায়িত হয়নি।এই অবজ্ঞার অভিযোগে রাজ্যের শিক্ষা, অর্থ সচিব-সহ বেশ কয়েকজন শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে রুল জারি করে হাইকোর্ট।

আদালতের নির্দেশ অনুযায়ী, রাজ্য সরকারকে 4 সপ্তাহের মধ্যে বকেয়া HRA-র পাশাপাশি 6% সুদ মেটাতে হবে।আইনজীবীরা জানিয়েছেন, 2012 সালের বিজ্ঞপ্তি বাতিল হওয়ার পরও শিক্ষকরা বকেয়া পাচ্ছেন না। অনেকের ক্ষেত্রে 10 বছরেরও বেশি সময়ের বকেয়া জমা হয়েছে।
এই রায় শিক্ষকদের জন্য একটি বড় স্বস্তি। আশা করা যায়, দ্রুত তাদের বকেয়া পাওনা মেটানো হবে।