আবাস যোজনার বাড়ি নিয়ে বিশেষ বার্তা দিলেন অভিষেক, শিগ্রই হবে সমাধান?

লোকসভা নির্বাচনের ফলাফলের পর অভিষেক ব্যানার্জিকে বিশেষ দেখা যাচ্ছে না। বুধবার বিকেলে হঠাৎ করেই তিনি টুইট করেন যে চিকিৎসার কারণে তিনি কয়েকদিনের জন্য বিরতি নিচ্ছেন। সাংগঠনিক কাজ তো দূরে থাক অভিষেক আগেই চিকিৎসা নিয়ে চলে গেছেন কলকাতার বাইরে। তার চোখের সমস্যা পুরোপুরি নিরাময় হয়নি। কখনও তিনি হায়দ্রাবাদ, কখনও সিঙ্গাপুর বা আমেরিকায় গিয়েছিলেন

অবশ্য এ দিন তিনি স্পষ্ট করে ব্যাখ্যা করেননি এর কারণ। শুধু বললেন, ‘তাৎক্ষণিক চিকিৎসার জন্য সাংগঠনিক কাজ থেকে অল্প ছুটি নিচ্ছি।’

অভিষেক এদিন লিখেছেন, “গত বছর এরকম সময়ে নবজোয়ার যাত্রায় অংশ নিয়ে গোটা বাংলা ঘুরে দেখার এবং মানুষের সমস্যা বোঝার সুযোগ হয়েছিল। একশ দিনের কাজ প্রকল্প বন্ধ হয়ে যাওয়া ও মূল্যবৃদ্ধির কারণে মানুষকে কী ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে সে ব্যাপার সম্যক ধারণা হয়েছিল। তা আমাকে গভীরভাবে প্রভাবিত করে।”

মানুষের মাথায় ছাদ দেওয়ার মতো অধিকারের ক্ষেত্রেও কেন্দ্র রাজ্যের সঙ্গে সংঘাতের মনোভাব নিয়ে কাজ করেছে বলে জানান অভিষেক। আবাস নিয়ে সমস্যা মেটাতে যে তিনি বদ্ধপরিকর, তা বুঝিয়ে দিয়েছেন তিনি।

তিনি লিখেছেন, ‘চিকিৎসার জন্য আমি সংগঠন থেকে সংক্ষিপ্ত বিরতি নেব। এই সময়ে সাধারণ মানুষের চাহিদা ঠিক কী, তা আরও ভাল ভাবে বোঝার সুযোগ পাব। আমি বিশ্বাস করি, রাজ্য সরকার দ্রুত, ভালোভাবে মানুষের সমস্যার সমাধান করবে এবং মানুষ যাতে ন্যায়বিচার পায় তা নিশ্চিত করবে।’