“হামাস যুদ্ধবিরতি চায় কিনা প্রমাণের সুযোগ এসেছে”- জানালেন জো বাইডেন

গাজায় সংঘাতের অবসান ঘটাতে হামাসকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হওয়া যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, এ যুদ্ধ শেষ হওয়ার সময় এসেছে। এখন হামাস যুদ্ধবিরতি চায় কিনা প্রমাণের সুযোগ এসেছে।
প্রস্তাবে শর্ত হিসেবে রাখা হয়েছে “পরিপূর্ণ যুদ্ধবিরতি”, হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি, মৃত জিম্মিদের দেহাবশেষ ফেরত দেয়া এবং ফিলিস্তিনি বন্দী বিনিময়।
সোমবার (১০ জুন) নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছেন। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের ১৪ টি দেশই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। রাশিয়া ভোটদানে বিরত ছিল। ইসরায়েল ইতোমধ্যে প্রস্তাবে সম্মত আছে বলে রেজল্যুশনে উল্লেখ করা হয়। হামাসকেও রাজি হতে তাগিদ দেয়া হয়েছে এতে।
নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি পাস হওয়ার কয়েক ঘণ্টা পর মার্কিন প্রেসিডেন্টের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে বাইডেন লেখেন, হামাস বলছে, তারা যুদ্ধবিরতি চায়। তারা আসলেই কি চায়, তা প্রমাণ করার সুযোগ এসেছে।
এদিকে জাতিসংঘে পাস হওয়া এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে হামাস এক বিবৃতিতে বলেছে, নিরাপত্তা পরিষদের প্রস্তাবে যা অন্তর্ভুক্ত করা হয়েছে তা গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার, বন্দিদের বিনিময় এবং গাজার পুনর্গঠনকে স্বাগত জানায়। কীভাবে যুদ্ধবিরতির শর্তগুলো বাস্তবায়ন করা যায়, তা নিয়ে মধ্যস্থতাকারী দেশগুলোর সঙ্গে কাজ করতে ইচ্ছুক হামাস।
বাইডেন গত ৩১ মে তিন পর্যায়ের যুদ্ধবিরতি পরিকল্পনা তৈরি করেছিলেন। এ প্রস্তাবকে ইসরায়েলি উদ্যোগ বলে উল্লেখ করে এর প্রতি নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর সমর্থন চান বাইডেন। তবে সেসময় কিছু সদস্য রাষ্ট্র গাজায় যুদ্ধ শেষ করার পরিকল্পনা ইসরায়েল মেনে নিয়েছে কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে।
যুক্তরাষ্ট্রের উপস্থাপিত প্রস্তাবে বলা হয়েছে, প্রথম ধাপে গাজা উপত্যকায় একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। দ্বিতীয় ধাপে লড়াইরত পক্ষগুলোকে তাদের মধ্যকার বৈরিতার স্থায়ী অবসান ঘটাতে হবে।
কয়েক মাস ধরে, মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতারের মধ্যস্থতাকারীরা গাজায় যুদ্ধবিরতির চেষ্টা করছে। তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস গাজা উপত্যকায় যুদ্ধের স্থায়ী অবসান এবং ছিটমহল থেকে ইসরায়েলি সেনাবাহিনীর প্রত্যাহারের দাবি জানায়।