নিশীথ হারতেই কোচবিহারে বিজেপিতে ভাঙন, পঞ্চায়েতের দখল নিল তৃণমূল

দীর্ঘদিন ধরেই নিজেদের শক্ত ঘাঁটি হিসেবে কোচবিহারকে ধরে রেখেছিলো বিজেপি। তবে এবারের নির্বাচনে হেরে গেছেন বিজেপি প্রার্থী তথা প্রাক্তন প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। আর তারই প্রভাব পড়েছে নিশীথ প্রামানিকের এলাকা বলে পরিচিত ভেটাগুড়িতে। ভেটাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ ১০ পঞ্চায়েত সদস্য নবনির্বাচিত সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার হাত ধরে যোগ দিলেন তৃণমূলে।

তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, ‘অনেকেই লাইনে আছে। আমরা বাছাই করে নিচ্ছি।’

বিজেপির কোচবিহার জেলা সভাপতি তথা বিধায়ক সুকুমার রায় বলেন, ‘ওরা জোর করে ভয় দেখিয়ে তৃণমূলে যোগ দেওয়াচ্ছে। এসব করে লাভ হবে না।’

ভেটাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পিঙ্কি রায় সরকার বলেন, ‘মানুষ তৃণমূলের পক্ষে রায় দিয়েছে। সেটাকে মান্যতা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতে এদিন আমি সহ ১০ জন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিলাম।’

অন্যদিকে পাড়াডুবি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পূর্ণিমা বর্মন বলেন, ‘মানুষের কাজ করার জন্যই আমরা যোগ দিলাম তৃণমূলে।’