৯৩ বছর বয়সে পঞ্চম বিয়ে করলেন রুপার্ট মারডক, সকলে জানাচ্ছে শুভেচ্ছা

প্রেম কিংবা বিয়ের ক্ষেত্রে বয়স যে কোনো বাধা না তা বারবার প্রমাণ করছেন তিনি। ৯০ এর গণ্ডি পেরিয়ে বর্তমানে পা রেখেছেন ৯৩ বছর বয়সে। তবে এত বয়স হলেও একের পর এক প্রেমে জড়িয়ে করেছেন বিয়ে। ইতোমধ্যে চারটি বিয়ে সেরে এবার ৯৩ বছর বয়সে পঞ্চমবারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন মার্কিন মিডিয়া মুঘল রুপার্ড মারডক।
স্থানীয় সময় শনিবার ক্যালিফোর্নিয়ায় ৬৭ বছরের এলিনা ঝুকোভার সাথে গাঁটছড়া বাঁধেন তিনি। কনে রাশিয়ার একজন অবসরপ্রাপ্ত বায়োলজিস্ট।
মারডকের মালিকানাধীন ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান-এ প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে, নবদম্পতি হাসছেন। এসময় মারডকের পরনে ছিল কালো স্যুট ও হলুদ টাই এবং এলেনার পরনে ছিল সাদা গাউন।
মারডক এর আগে চারবার বিয়ে করেছেন। সম্প্রতি মডেল জেরি হলের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়েছেন তিনি। ২০১৪ সালে উদ্যোক্তা ওয়েন্ডি ডেংকের সঙ্গে বিচ্ছেদ ঘটান মারডক। এই দম্পতির দুটি কন্যা সন্তান আছে। ১৯৯৯ সালে দ্বিতীয় স্ত্রী স্কটিশ সাংবাদিক আনা মারডক মানের সঙ্গে বিচ্ছেদ ঘটে। প্রথম স্ত্রী প্যাট্রিসিয়া বুকারের সঙ্গে মারডকের বিচ্ছেদ ঘটে ১৯৬৬ সালে।