SPORTS: বিশ্বকাপে এক ম্যাচ জিতেই আমেরিকার যত রেকর্ড, জেনেনিন বিস্তারিত

নবম টি-২০ বিশ্বকাপের পর্দা উঠেছে আজ। আসরের উদ্বোধনী ম্যাচে কানাডাকে গুঁড়িয়ে দুর্দান্ত জয় পেয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। এই জয়ের ম্যাচে একাধিক রেকর্ড গড়েছে বিশ্বকাপের সহ-আয়োজকরা।
রোববার ভোরে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল যুক্তরাষ্ট্র ও কানাডা। যেখানে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৪ রান সংগ্রহ করে কানাডা। লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেট ও ১৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে আমেরিকানরা।
এদিন কানাডার ছুঁড়ে দেওয়া ১৯৫ রানের লক্ষ্য তাড়া করে জিততে হলে রেকর্ড গড়তে হতো যুক্তরাষ্ট্রের। কারণ, এর আগে টি-২০তে ১৬৯ রান ছিল তাদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।
বিশ্বকাপের নবম আসরের প্রথম ম্যাচ নতুন রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, বিশ্বকাপেও সর্বোচ্চ রান তাড়ার জয়ের রেকর্ডও এটি।
ম্যাচটিতে ডালাসের দেওয়া ১৯৫ রানের লক্ষ্য ১৪ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় পায় যুক্তরাষ্ট্র। টি-২০ বিশ্বকাপে সহযোগীয় দেশগুলোর মধ্যে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড এটি।
অ্যারন জনস-অ্যান্দ্রেস গাউসের জুটিতে হয়েছে নতুন এই রেকর্ড। দুজনের অবিশ্বাস্য ১৩১ রানের জুটিটি আসে মাত্র ৫৮ বলে। প্রথম ২৫ বলে ২৫ রান করা গাউস, অর্ধশতক পূর্ণ করেন ৩৯ বলে। পরে ৪৬ বলে ৬৫ রানে আউট হন তিনি।
পুরো ম্যাচের চিত্র অবশ্য পাল্টে দেন জনস। উইকেটে এসেই মাত্র ২২ বলে করেন অর্ধশতক। টি-২০তে যুক্তরাষ্ট্রের দ্রুততম অর্ধশতকের রেকর্ড এটি। শেষ পর্যন্ত ১০ ছক্কা ও ৪ বাউন্ডারিতে ৪০ বলে ৯৪ রানে অপরাজিত ছিলেন ডানহাতি এ ব্যাটার।
যুক্তরাষ্ট্রের জার্সিতে এতদিন এক ম্যাচে সর্বোচ্চ ৫ ছক্কা মারার রেকর্ড ছিল গজনন্দ সিংয়ের দখলে। এই ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলে ১০ ছক্কা মেরে সেই রেকর্ড নিজের দখলে নিয়েছেন অ্যারন জনস।
টি-২০ বিশ্বকাপের অভিষেকে যুক্তরাষ্ট্র ভেঙে দিয়েছে নেদারল্যান্ডসের রেকর্ড। কুড়ি ওভারের বিশ্বকাপে সহযোগী দেশগুলোর মধ্যে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ডাচদের।
২০১৪ সালে বাংলাদেশে হওয়া টি-২০ বিশ্বকাপে ৪ উইকেটে ১৯৩ রানের ইনিংসে ছিল আগের সর্বোচ্চ স্কোর। তবে টুর্নামেন্টের নবম আসরের প্রথম ম্যাচে প্রথমে সেই রেকর্ড ভেঙে কানাডা করে ১৯৪ রান।
পরে লক্ষ্য তাড়ায় নেমে সেই রেকর্ড ভেঙে ম্যাচ জিতে ১৯৭ রানের নতুন রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র।