আসামে ভয়ানক বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত বেড়ে ১৫ জন

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৬ লাখের বেশি মানুষ। এছাড়া বিপৎসীমার ওপর দিয়ে বইছে তিন নদীর জল। রোববার (২ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী বৃষ্টির জেরে বন্যা হয়েছে আসামে। দিনে দিনে সেই পরিস্থিতির আরো অবনতি হচ্ছে। শনিবার রাজ্যটিতে নতুন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এতে করে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। আসাম সরকারের বন্যা সংক্রান্ত বুলেটিনে একথা জানানো হয়েছে।

গত শুক্রবার পর্যন্ত আসামে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছিল সাড়ে তিন লাখ। সেখানে একদিন পরই অর্থাৎ শনিবার তা ছাড়িয়ে গেছে ৬ লাখের গণ্ডি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যটির নগাওঁ জেলা। শুধু সেখানেই বন্যাকবলিত মানুষের সংখ্যা আড়াই লাখের বেশি।

আসামের বিপর্যয় মোকাবিলা বাহিনীর পরিসংখ্যান বলছে, এখনও বন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্যের অন্তত ১০টি জেলা।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, আসামের অন্যতম গুরুত্বপূর্ণ নদী হচ্ছে বরাক। গত বৃহস্পতিবার থেকে সেই নদীর জল বিপৎসীমার ওপর দিয়ে বইছে। এছাড়া ব্রহ্মপুত্রের উপনদী কোপিলি, বরাকের শাখা নদী কুশিয়ারার জলও বিপদসীমার ওপরে রয়েছে। ভেসে গেছে রাস্তাঘাট, সেতু এবং ঘরবাড়ি। চাষাবাদের বহু জমিও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।