‘ফের মুখ্যমন্ত্রী হবেন মোদীজি!’ নীতীশের ভাষণে হাসির রোল রাজনৈতিক মঞ্চে

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

আর এবার ভাষণ দিতে গিয়ে মুখ ফস্কে নীতিশ কুমার জানালেন ফের নরেন্দ্র মোদী বসবেন মুখ্যমন্ত্রীর আসনে। আর সেই ভাষণ দিতেই মঞ্চে শুরু হয় হাসাহাসি।

রবিবার পাটনা সাহিব লোকসভা কেন্দ্রে ভোট প্রচারে ঘোষণা করেন, ‘আমাদের ইচ্ছে আমরা গোটা দেশে ৪০০-র বেশি আসনে জয়লাভ করি। সেইসঙ্গে আমরা সম্মানীয় নরেন্দ্র মোদীকে আরও একবার মুখ্যমন্ত্রীর আসনে বসাই। যাতে গোটা দেশের উন্নয়ন হয়, বিহারের উন্নয়ন হয়।’

সঙ্গে সঙ্গে নিজের ভুল শুধরে নীতীশ বলে ওঠেন, তিনি আসলে বোঝাতে চেয়েছিলেন যে নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হবেন এবং আরও এগিয়ে চলেছেন তিনি।

তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছে নরেন্দ্র মোদী, অমিত শাহ যতই দাবি করুন না কেন এনডিএ-র ৪০০ আসন জয় অন্তত নির্বাচনের ৬ দফার পর তা অলীক স্বপ্ন বলেই মনে করছে রাজনৈতিক মহল। শোনা যাচ্ছে গেরুয়া শিবিরকে হাড্ডাহাড্ডি টক্কর দিতে পারে বিরোধীরা।