রেমালের হাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার, শোকে পরিবার

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে কলকাতায় মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। প্রবল ঝড়বৃষ্টির সময় বাড়ির বাইরে থাকা ছেলেকে ফিরিয়ে আনতে গিয়ে প্রাণ যায় তার।
মৃতের নাম মহম্মদ সাজিব (৫১)। সোমবার রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে ঘটনাটি ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, সাজিদের ছেলে বন্ধুর বাড়িতে আইপিএলের ম্যাচ দেখতে গিয়েছিলেন। ঝড়ে ছেলে বিপদে পড়তে পারে, এই ভয়েই তাকে ডাকতে গিয়েছিলেন সাজিদ। তিনি রাস্তায় বেরোতেই প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়ে যায়। তখন একটি বাড়ির নীচে আশ্রয় নেন সাজিদ। তখনই বাড়ির কার্নিশ ভেঙে পড়ে তার ওপর।

পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। একবার্তায় তিনি বলেন, কার্নিশ ভেঙে মৃত্যু! অত্যন্ত দুঃখজনক ঘটনা। বারবার করে সারাতে বলা সত্ত্বেও সারাচ্ছে না কেউ। আমরা তো আমাদের কাজ করেই চলেছি।

রোববার দিবাগত রাতেই পশ্চিমবঙ্গে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রেমাল। এর জেরে কলকাতায় ঘণ্টায় ৭৪ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যায়। রেমালের প্রভাবে প্রবল বৃষ্টি হয় কলকাতা, হাওড়া ও হুগলিতে। অনেক জায়গায় জল জমে গেছে।

ভারতীয় গণমাধ্যম বলছে, প্রবল ঝড় বৃষ্টিতে কলকাতাজুড়েই বাড়িঘর ও গাছপালা ভেঙে পড়ে। রাস্তা থেকে সেগুলো সরাতে রাতেই কাজ শুরু করে দুর্যোগ মোকাবিলা বাহিনী।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবারও রেমালের প্রভাবে রাজ্যজুড়ে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। কলকাতার পাশাপিাশি নদীয়া ও মুর্শিদাবাদে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। বুধবার পর্যন্ত মালদা ও দক্ষিণ দিনাজপুরে ভারি বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা