“সকলে নিশ্চিন্তে থাকুন…”,-OBC সার্টিফিকেট বাতিল ইস্যুতে বড় আশ্বাস দিলেন অভিষেক

বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওবিসি সংরক্ষণের বিষয়ে আদালতের রায় কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা করলেন। গরমের চারটি শেষ হলেই নেওয়া হবে পদক্ষেপ। প্রয়োজনে যদি কোনোও বিধি বদল করতে হয় তাও করার ইঙ্গিত দিয়েছেন তৃণমূলনেত্রী।
২০১০-এর পর থেকে রাজ্যে ইস্যু করা সব ওবিসি সার্টিফিকেট বাতিল করার রায় বুধবার দিয়েছে হাইকোর্ট। তারপরেই মমতা জানিয়েছিলেন, তিনি এই রায়ের সঙ্গে সহমত নন।
মমতা বলেন, ‘কেন নির্বাচনের সময়ে ২৬ হাজার ছেলেমেয়ের চাকরি খেয়ে নিতে হয়? শুনুন, মানুষ যদি বিপদে পড়ে আমি ২৪ ঘণ্টা তাঁদের সঙ্গে থাকি। সে দিন আমি বলেছিলাম, এটা আমি হতে দেবো না। আমরা কৃতজ্ঞ সুপ্রিম কোর্টের কাছে।’
এবার, ওবিসি সার্টিফিকেট বাতিলের রায় নিয়ে সরব হলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার অভিষেক বলেন, ‘বিচারব্যবস্থার একাংশকে কাজে লাগিয়ে সংখ্যালঘু, তফসিলি ভাই-বোনদের ওবিসির স্বীকৃতি কেড়ে নিয়েছে বিজেপি। আমাদের সরকার যতদিন আছে, ওবিসিদের অধিকার কেড়ে নিতে দেব না। আপনারা সকলে নিশ্চিন্তে থাকুন।’
অভিষেক বলেন, ‘এঁরা প্রকৃত মেধাযুক্ত তাঁদেরও চাকরি খেয়েছিল হাইকোর্টের একাংশকে কাজে লাগিয়ে। আমরা বলেছিলাম, কারও চাকরি খেতে দেব না। আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি, এঁদের দু’গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরে বলেছে, কারও চাকরি খাওয়া যাবে না।’