ভোটের একদিন আগে বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার লাখ লাখ টাকা, শুরু বিতর্ক

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।
আর এবার ভোটের একদিন আগে ঘাটালের বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার হলো লক্ষ লক্ষ টাকা। আর এই টাকা উদ্ধারের ঘটনা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
পুলিশের তরফে জানানো হয়েছে, ‘আমাদের কাছে খবর ছিল নির্দিষ্ট কিছু টাকা একটি লাল রঙের গাড়িতে করে এক জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছিল। গোটা বিষয়টির উপর আমাদের নজর ছিল। খুকুরদা নাকা পয়েন্টে আমরা গাড়িটির তল্লাশি নিয়েছিলাম। গাড়িতে ছিলেন প্রশান্ত বেরা। তাঁর থেকে ২৪ লাখ টাকা পাওয়া গিয়েছে। ‘কোন উদ্দেশ্যে ওই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের দাবি, ‘আমাদের দলের নেতাদের বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তাঁদের গাড়িতে টাকা রেখে দেওয়া হচ্ছে এবং পরে তা উদ্ধার হয়েছে বলে দেখানো হচ্ছে।’
এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক অজিত মাইতি বলেন, ‘ হিরণ কি নিজেকে স্বচ্ছ মনে করছেন? এখন প্রমাণিত হচ্ছে কে দুর্নীতিবাজ। এটা বিজেপির টাকা। তা বেলানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ নির্দিষ্ট খবরের উপর ভিত্তি করে তা উদ্ধার করেছে।’