AC-বিকল হয়ে পড়ছে জল! বন্দে-ভারতে ছাতা মাথায় বসে যাত্রীরা, চাঞ্চল্যকর অভিযোগ

বন্দেভারতের বিকল AC তে জল পড়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি থেকে হাওড়াগামী বন্দেভারত এক্সপ্রেসে। জল পড়ার কারণে ট্রেনের যাত্রীদের ছাতা মাথায় বসে থাকতে দেখা যায় সিটে। তারপর ট্রেনটি বোলপুর স্টেশনে ঢুকতেই যাত্রীরা সিটে জল পড়ার অভিযোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। রেলকর্মীরা কোনোক্রমে জল মুছে বিষয়টি সামাল দিয়েছেন বলে জানা গেছে।

অভিযোগ, সি ১৩ কামরায় এসি বিকল হয়ে যায়। মালদা স্টেশনের পর থেকেই এসি থেকে জলও পড়তে শুরু করে। একটা সময় বাধ্য হয়ে জল থেকে বাঁচতে ট্রেনের মধ্যেই ছাতা মাথায় বসে থাকতে হয় যাত্রীদের।

রামচন্দ্র দাস নামে এক যাত্রীর অভিযোগ, ‘আমার ৩টের সময় ট্রেনে উঠি। তারপর থেকে কুলিং সিস্টেম একেবারেই খারাপ ছিল। আধ ঘণ্টা পর ঘাম শুরু হয়। আমরা অভিযোগ জানাই। এরপর দু’জন আসেন। তাঁরা আমাদের বারে বারে আধ ঘণ্টা করে অপেক্ষা করান। এরপর জল পড়া শুরু হয়। প্রথমে কামরার পিছন দিকে জল পড়ছিল। পরে তা ধীরে ধীরে সামনের দিকেও চলে আসে।’

যাত্রীদের প্রশ্ন, এত টাকা দিয়ে তাঁদের টিকিট কাটতে হয়৷ তা সত্ত্বেও ফার্স্ট ক্লাস ট্রেনের পরিষেবা এত নিন্মমানের হবে? তারা কেউই ভাবতে পারেননি।