“বুথে বুথে এজেন্ট পাচ্ছে না বিজেপি’! পঞ্চম দফাতেও পার্থ-অর্জুনের বিরোধ তুঙ্গে

আজ সোমবার দেশজুড়ে চলছে পঞ্চম দফার নির্বাচন। সকাল থেকেই সরগরম ভোট চত্বর। ভোট প্রচারের দিন থেকে যে একে অপরের বিরুদ্ধে শুরু হয়েছিল আক্রমণ তা আজও বহাল। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক আজ সকালে বড়মার মন্দিরে পুজো দিয়ে বিভিন্ন বুথে বুথে ঘুরে বেড়াচ্ছেন। সকাল থেকেই শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে বলে তিনি জানিয়েছেন। আর সেই সময়েই তিনি বিজেপির বিরুধ্যে করেন অভিযোগ।

পার্থ ভৌমিক বলেন, ”অনেক বুথেই বিজেপি এজেন্ট পাচ্ছে না। আমার কাছে কাল রাতেও ফোন এসেছিল। শুনেছি, অনেককে টাকা অফার করছে এজেন্ট হওয়ার জন্য। তাতেও রাজি হচ্ছে না। আমি কি করবো? ব্যারাকপুরের মানুষ আর গুন্ডারাজ’ চাইছেন না, তাঁরা শান্তির পক্ষে রয়েছেন, সেই মতোই এবার নির্বাচন সম্পন্ন হবে।”

অপরদিকে এই প্রসঙ্গে বিজেপিনেতা অর্জুন সিং বলেন ” ”আমি বিরোধী প্রার্থীকে একটাই কথা বলব, নির্বাচনটা শান্তিপূর্ণ হতে দিন। অশান্তি পাকানোর চেষ্টা হলে ভোট কোনওভাবেই শান্তিপূর্ণ হতে পারবে না। আমরা সুষ্ঠু, অবাধ নির্বাচন হোক সেটাই চাইছি।”