রাইসির পরে ইরানের হাল ধরবেন কে? জেনেনিন উঠে আসছে কার নাম?

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ অন্যান্য নেতাদের বহনকারী হেলিকপ্টারটির কেবিন আগুনে পুড়ে গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনটাই জানিয়েছেন ইরানের রেড ক্রিসেন্টের প্রধান পির হোসেইন কোলিবান্দ। এদিকে, উদ্ধারকারীদের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন জানিয়েছে, হেলিকপ্টারটিতে প্রাণের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি।
রোববার আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি প্রকল্প উদ্বোধনের পর হেলিকপ্টারে করে উত্তর-পূর্বাঞ্চলের শহর তাবরিজে ফিরছিলেন প্রেসিডেন্ট রাইসি। তার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ানও ছিলেন। ঘন কুয়াশার মধ্যে হেলিকপ্টারটি পার্বত্যাঞ্চলে বিধ্বস্ত হয়।
এ ক্ষেত্রে এখন একটি প্রশ্ন সামনে সবার মনে; সেটি হলো রাইসির হঠাৎ মৃত্যুর পর কে হবেন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট?
ইরানের সংবিধান বলছে, কোনো দুর্ঘটনায় যদি প্রেসিডেন্টের মৃত্যু হয় তাহলে সেই পদে বসবেন প্রথম ভাইস প্রেসিডেন্ট। অর্থাৎ মোহাম্মদ মোখবার হবেন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট। তবে এ ক্ষেত্রে অবশ্যই দেশটির সর্বোচ্চ নেতার অনুমতি লাগবে।
ইরানে রাষ্ট্রের প্রধান হিসেবে ভূমিকা পালন করেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তাকে সরকারের প্রধান এবং সর্বোচ্চ নেতা হিসেবে বিবেচনা করা হয়। প্রেসিডেন্ট মারা গেলে পরবর্তী ৫০ দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করার বিধান রয়েছে। এই সময়ের মধ্যে নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে।
প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ২০২১ সালের আগস্টে মোহাম্মদ মোখবারকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করেন। ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হওয়ার আগে মোখবার ইরানের সরকারি দাতব্য সংস্থা সেতাদের প্রধান হিসেবে ১৪ বছর দায়িত্ব পালন করেছিলেন। মোখবারের নেতৃত্বে, সেতাদ কোভিড-১৯ মহামারির সময় ইরানের করোনভাইরাস ভ্যাকসিন ‘কোভিরান বারেকাত’ তৈরি করেছিল।