‘নওশাদের জন্য জোট হয়নি’, তোপ সেলিমের, শুনে ISF বিধায়ক কি বললেন?

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।
আর এবার আসন সমঝোতা নিয়ে মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে মুখ খুললেন আইএসএফ প্রধান নৌসাদ সিদ্দিকী।
সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম দাবি করেছিলেন, ISF-এর সঙ্গে আসন সমঝোতা ভাঙার কারণ নওশাদ। এবার সেলিমের মন্তব্যের পালটা মুখ খুললেন নওশাদ।
নওশাদ সিদ্দিকি বলেন, ‘মহম্মদ সেলিম অসত্য কথা বলছেন। ওরা বলেছিল যদি নওশাদ সিদ্দিকি ডায়মন্ড হারবারে দাঁড়ায় তাহলে পাঁচটা আসন দেবে না হলে চারটে। নওশাদ সিদ্দিকি ডায়মন্ড হারবারে দাঁড়াবেন নাকি হরিয়ানাতে দাঁড়াবেন, তা মহম্মদ সেলিমরা ঠিক করবেন না। করবে ISF।’
এ বার মহম্মদ সেলিমের কাছ থেকে তার পাল্টা জবাব এল। মঙ্গলবার ভাঙড়ের কাঁঠালিয়াতে একটি সভায় তিনি বলেন, ‘জোট না হওয়ার জন্য বিমানবাবুকে দায়ী করে এখানে যেটা রটানো হয়েছে তা ঠিক নয়। নওশাদের জন্যেই জোট হয়নি। আমরা লাগাতার ওর সঙ্গে কথা বলেছি। ওকে সমর্থন করেছি। তা সত্ত্বেও ও রাজি হয়নি।’
সিপিএম রাজ্য সম্পাদক বলেন, ‘আমরা বলেছিলাম ছ’টি আসন দেব। ডায়মন্ড হারবারে নওশাদ নিজে লড়াই করবে বলেছিল। আমি-অধীর দুজনেই ওর প্রচারে যাব বলেছিলাম। কিন্তু তারপরেও আইএসএফ রাজি হয়নি।’
সেলিমের কটাক্ষ, ‘রাজনীতিটা একশো মিটারের দৌড় নয়। এটা রিলে-ম্যারাথন দৌড়ের মতো। মিডিয়া কাউকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাল, আর সে ভাবল আমি বড় নেতা হয়ে গিয়েছি।’
সেলিমের বক্তব্য নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে ফোন করা হলে নওশাদ বলেন, ‘জোটের স্বার্থে আমরা শেষ পর্যন্ত সাতটি আসনে রফা করতে রাজি হয়েছিলাম। কিন্তু ওরা চায়নি আইএসএফের মতো নতুন দল পার্লামেন্টে যাক। জোটের স্বার্থে আমরা বারবার আলিমুদ্দিনে গিয়ে মিটিং করেছি। কিন্তু আলিমুদ্দিনের কর্তারা কখনও আমাদের কার্যালয়ে আসেননি।’