“হামাসের ইচ্ছে থাকলে…..? আগামীকালই যুদ্ধবিরতি সম্ভব বলে জানালেন বাইডেন

ইসরায়েলি জিম্মিদের সবাইকে আজ মুক্তি দিলে আগামীকাল থেকেই গাজায় যুদ্ধবিরতি সম্ভব বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার রাজধানী ওয়াশিংটনের সিয়াটলে এক জনসভায় তিনি এ কথা বলেন।
বাইডেন বলেন, হামাস যদি (আজ) সব জিম্মিকে ছেড়ে দেয়, তাহলে আগামীকালই গাজায় যুদ্ধবিরতি সম্ভব। ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলেছেন- গাজায় যুদ্ধবিরতি এখন পুরোটাই হামাসের ওপর নির্ভর করছে। যদি হামাস (আজ) জিম্মিদের ছেড়ে দেয়, তাহলে আজ থেকেই গাজায় ইসরায়েলি অভিযান বন্ধ করা হবে এবং আগামীকাল থেকে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি ঘোষণা করা হবে।”
তবে গাজায় যুদ্ধবিরতির বিষয়টি পুরোপুরি ইসরায়েলের ওপর নির্ভার করছে বলে মনে করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শুক্রবার হামাসের পক্ষ থেকে ফিলিস্তিনের বিভিন্ন সংগঠনের কাছে হামাসের পাঠানো বার্তায় এসব কথা বলা হয়েছে।
ইসরায়েলি বিভিন্ন সংগঠনের উদ্দেশে এক বার্তায় হামাস লিখেছে, মধ্যস্থতাকারীদের দেয়া প্রস্তাব ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। প্রস্তাবে উল্লিখিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইসরায়েল আপত্তি জানিয়েছে। ফলে বল এখন পুরোপুরি ইসরায়েলের হাতে।
গত ৭ অক্টোবর ইসরাইলের ভূখণ্ডে প্রবেশ করে ১ হাজার ২০০ জনকে হত্যা করে হামাস যোদ্ধারা, সেই সঙ্গে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় আরো ২৪০ জনকে।
হামাসের সেই হামলার জবাবে সেই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। তাদের অভিযানে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন ৮০ হাজারের মত মানুষ।
এদিকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের আহ্বানে সাড়া না দিয়ে দক্ষিণের রাফায় স্থল অভিযানে বদ্ধ পরিকর ইসরায়েলি বাহিনী। কয়েক হাজার ফিলিস্তিনিকে পূর্ব রাফা থেকে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। বিতরণ করা হচ্ছে লিফলেট। আল মাওয়াসি নামক এলাকায় তাদের সরে যেতে বলা হয়েছে। তবে ইসরায়েলের হামলার হাত থেকে গাজার কোথাও নিরাপদ নয়, রাফার লাখ লাখ বাসিন্দার দিন কাটছে তাই আতঙ্কে। ত্রাণ প্রবেশে বাধা দেয়ায় খাবার ও জলের সংকটে থাকায় ভবিষ্যতে কি অপেক্ষা করছে তা অজানা।