“কোনও ঘরে আর বেকার থাকবে না”- নির্বাচনী সভায় ১ লাখ চাকরির ইঙ্গিত দিলেন মমতা

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

আর এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচনী জনসভায় কর্মসংস্থান নিয়ে দিলেন বড় ইঙ্গিত।

বীরভূমের সাঁইথিয়ায় দলীয় প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে প্রচার করতে গিয়ে মমতা বলেন, ‘এত উন্নতি হয়েছে, এবং আগামীদিনেও দেউচা পাঁচামিতে যেই ১ লাখ ছেলেমেয়ের নতুন করে চাকরি হবে, কোনও ঘরে আর বেকার থাকবে না, এতটাই কাজ হচ্ছে। মনে রাখবেন দেউচা পাঁচামি আপনাদের গর্ব।’

তৃণমূল নেত্রী বলেন, ‘মোদীরা যা বলেছিল, কিচ্ছু করেনি, দু’কোটি ছেলেমেয়েকে চাকরি দেবে বলেছিল, কিন্তু চাকরি তো দেয়নি, উলটে বেকারের সংখ্যা বেড়েছে। উপরন্তু আমাদের ২৬ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি ওরা কোর্টে কেস করে খেয়ে নিয়েছে, কিন্তু আমরা শিক্ষক শিক্ষিকাদের পাশে আছি।’

আরও বলেন, ‘আমি সেই কথাই বলি যা আমি রাখতে পারব, যে কথা রাখতে পারব না তা আমার মুখ দিয়ে বলানো যাবে না। আমাকে দেখতে হয় আমার কাছে টাকা আছে কি না, দিল্লি তো সব টাকা বন্ধ করে দিয়েছে।’

মমতা বলেন, বিজেপি বলছে বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হঠাও। আমি বলি মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবে বাংলায় থাকবে, কারও ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা চুলও স্পর্শ করার।