“তৃণমূল কংগ্রেসকে আর ভোট দিতে হবে না”-দেবের মন্তব্যে শোরগোল রাজ্য রাজনীতিতে

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ফের সরগরম ভোটের রাজনীতি। আর এবার ঘটালে মাস্টার প্ল্যান নিয়ে আরও বড় কথা ঘোষণা করলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ দীপক অধিকারী তথা দেব। তিনি আজ সভায় সরাসরি বলে দিলেন যে 2026 এর আগে যদি ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ শুরু না হয় তাহলে তৃণমূলকে আর ভোট দিতে হবে না। আর এই মন্তব্যেই রাজনৈতিক ময়দানে শুরু হয়েছে শোরগোল।

দেবকে বলতে শোনা যায়, ‘কে কী বলছেন আমি জানি না। কেউ বলছেন ঘাটাল মাস্টার প্ল্যান হবে না, এটা ভোটের প্রতিশ্রুতি, পরে পালিয়ে যাবে। বিশ্বাস করুন আমি পালিয়ে যাওয়ার ছেলে নই। আমি এখানেই থাকব, আপনাদের সামনেই থাকব, যদি না করতে পারি আমি রাজনীতি ছেড়ে দেব।’ এরপরেই দেব বলেন, ‘আরও একটা বড় কথা বলে যাচ্ছি, ২০২৬-এ বিধানসভা নির্বাচন, তার আগে ঘাটাল মাস্টার প্ল্যান যদি না শুরু হয়, আমি আপনাদের বলে যাচ্ছি তৃণমূল কংগ্রেসকে আর ভোট দিতে হবে না।’

ঘাটালের তৃণমূল প্রার্থী বলেন, ‘আমি দলে ফিরেছি মানুষকে ভালো রাখার জন্য। আমি দিদিকে (মমতা বন্দ্যোপাধ্যায়) একটাই আবদার করেছিলাম, যদি আমি ফিরি, একটাই শর্ত…, এই ঘাটাল মাস্টার প্ল্যানে যদি আপনি হ্যাঁ বলেন তবেই আমি রাজনীতিতে ফিরব। নয়তো মনে হয় না আমার ফেরা উচিত।’