“যাঁরা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন, তাঁদের পাশে আছি”,-লকেটের মন্তব্যে হৈচৈ রাজনীতিতে

SSC নিয়োগ দুর্নীতি মামলার রায় দিয়েছে আদালত। কলকাতা হাইকোর্টের নির্দেশে ২৫হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল হয়ে গেছে। আর এই নিয়েই এখন চলছে রাজ্যজুড়ে আলোচনা।আদালতের রায়ে এবার আশা জাগছে আন্দোলনরত চাকরি প্রার্থীদের। সেই সাথে আশা বাড়ছে নতুন নিয়োগের।

আর এবার চাকরি হারাদের পাশে থাকার বার্তা দিলেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি।

লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘খারাপ লাগে বেআইনিভাবে যে সকল নেতা মন্ত্রী টাকা নিয়েছিলেন, তাঁরা ভাবেননি যে আমরা বেআইনিভাবে এই ছেলেমেয়েগুলোর ভবিষ্যৎ নষ্ট করছি। মুখ্যমন্ত্রী দিনের পর দিন দেখেছেন, বারাবার এসএসসি নিয়ে বিচারপতি নির্দেশ দিয়েছেন, এটা ঠিক নয়, এখানে প্রচুর জল মেশান আছে, এখানে অনেক চাকরি চুরি হয়েছে, তিনি বারবার আদালতে গিয়েছেন। চূড়ান্ত রায়ে সবচেয়ে কাদের ক্ষতি হল? যাঁরা ঘুষ দিয়ে টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাঁদের চাকরি গেল। আমরা তাঁদের পাশে আছি। আমরা চাইব যাঁরা যাঁরা নেতা মন্ত্রীরা চাকরির জন্য টাকা নিয়েছিলেন, তাঁদের বাড়ি গিয়ে হানা দিন। তাঁদের বাড়ি গিয়ে বলুন, চাকরি যখন চলে গিয়েছ, আমাদের টাকা ফেরত দাও, আমরা সেই টাকা আদালতে দেব। আমার আছি তাঁদের সঙ্গে।’

বিজেপির প্রার্থী বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত। কিন্তু তিনি একের পর এক মঞ্চে দাঁড়িয়ে মিথ্যা ভাষণ দিয়ে যাচ্ছেন। এখন বলছেন, আমি তো পুরোটা দেখি না, অন্য কেউ করেছে, তার মানে অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন।’