“অযোগ্যদের আমরাই বার করতে চেয়েছিলাম”-SSC-রায় নিয়ে মুখ খুললেন ব্রাত্য বসু

SSC নিয়োগ দুর্নীতি মামলার রায় দিয়েছে আদালত। কলকাতা হাইকোর্টের নির্দেশে ২৫হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল হয়ে গেছে। আর এই নিয়েই এখন চলছে রাজ্যজুড়ে আলোচনা।আদালতের রায়ে এবার আশা জাগছে আন্দোলনরত চাকরি প্রার্থীদের। সেই সাথে আশা বাড়ছে নতুন নিয়োগের।

আর এবার আদালতের রায় প্রসঙ্গে মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি প্রশ্ন তুলে বলেন যোগ্য চাকরিপ্রার্থীদের কী হবে? তাঁদের জন্য বিজেপির এত উল্লাস কেন? প্রশ্ন তুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। একাধিক অযোগ্য চাকরি প্রার্থীদের যেমন চাকরি গিয়েছে, তেমনই অনেক যোগ্য প্রার্থী চাকরি হারিয়েছেন, সেই বিষয়টিও রাজ্যবাসীর দেখা উচিত,

তিনি বলেন, ‘অযোগ্যদের আমরাই বার করে দিতে চেয়েছিলাম। আজকে মহামান্য বিচারপতি যা রায় দিয়েছেন, আমাদের কথাতেই সিলমোহর দিলেন।’ তবে অযোগ্যদের চাকরি বাতিলের সঙ্গে সঙ্গে যোগ্য প্রার্থীরাও ভুক্তভোগী হলেন, তাঁদের কী হবে? প্রশ্ন তাঁর।

ব্রাত্য বলেন, ‘এসএসসি জানিয়ে দিয়েছে আমাদের, তাঁরা সুপ্রিম কোর্টে যেতে চায়, আমরা তাঁদের সম্পূর্ণ আইনি সহযোগিতা করব। আইনি লড়াই আইনি পথে হবে।’ ব্রাত্যর দাবি, এই রায় থেকে বোঝা যাচ্ছে, এর মধ্যে যেমন অযোগ্য প্রার্থী রয়েছেন, তেমনই অনেক যোগ্য প্রার্থীরাও রয়েছেন।

সোমবারের রায়ে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে, এসএসসি প্যানেল মেয়াদ শেষ হওয়ার পরেও যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের সুদ-সহ বেতন ফেরত দিতে হবে। চার সপ্তাহের মধ্যে বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।