OMG! যুদ্ধ প্রাণ কেড়েছে অন্তঃসত্ত্বার! তবে অলৌকিক ভাবে বাঁচল গর্ভস্থ সন্তান

গাজা ভূখণ্ডের দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে ইসরাইলি হামলায় অন্তঃসত্ত্বা নারী ও ৬ শিশুসহ ৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে রাফাহ সিটির চিকিৎসকরা ওই নারীর অনাগত সন্তানকে বাঁচাতে সফল হয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, দু’টি বাড়িতে হামলা হয়। মৃতদের মধ্যে এক পরিবারের ১৩ জন শিশুও রয়েছে। প্রথম বাড়িতে হামলায় শুকরি আহমেদ জাওদা নামের এক যুবক, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী সাবরিন আল-সাকানি ও তাঁদের এক মেয়ের মৃত্যু হয়েছে। তবে অস্ত্রোপচার করে মৃত মায়ের পেটে থাকা সন্তানকে বাঁচিয়েছেন রাফাহর কুয়েতি হাসপাতালের চিকিৎসকরা।
ওই শিশুটির দেখভাল করছেন মোহাম্মদ সালামা নামের এক চিকিৎসক। কন্যা শিশুর ওজন ১ দশমিক ৪ কেজি। জরুরি ভাবে অস্ত্রপচার করে নিহত মহিলার পেট থেকে বের করা হয় তাকে।
ইসরাইলি বাহিনী মধ্য গাজায় দেইর আল-বালাহ অঞ্চলে গোলাবর্ষণ করে। ফিলিস্তিনভিত্তিক সংবাদমাধ্যমের মতে, ইসরাইলি হামলায় সেখানে বসবাসকারী মানুষ রোববার ভোরের দিকে এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। খবর আল জাজিরার।
প্রতিবেদনে বলা হয়, দেইর আল-বালাহ অঞ্চলে আল-আকসা মারটারড হাসপাতালের আশপাশে ভারী হামলা চালানো হয়।
এর আগে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইসরাইলি অভিযানে ১১ জনের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের মধ্যে সাতজন বন্দুকের গুলিতে আহত হয়েছেন।
স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, ক্যাম্পের ভেতরে অনেকেই আহত হয়েছেন। তবে সেনাবাহিনী তাদের ভেতরে প্রবেশে বাধা দিচ্ছে। প্রতিবেদনে বলা হয়, প্যারামেডিকরা ক্যাম্পে প্রবেশের চেষ্টা করেছিল কিন্তু ইসরাইলি সেনাবাহিনী তাদের প্রবেশে বাধা দেয়। ভেতর থেকে গুলির শব্দ শোনা গেছে। সেনারা প্রত্যেক ঘরে ঘরে অভিযান চালিয়েছে।
গত বছরের শুরু থেকে পশ্চিম তীরে সহিংসতা ছড়িয়ে পড়েছে। তবে গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর এর মাত্রা আরও বেড়ে যায়।