‘দলে বারে বারে অপমানিত হচ্ছি’, ফের বিস্ফোরক TMC বিধায়ক মনোরঞ্জন

বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী লোকসভা নির্বাচনের প্রাথী রচনা ব্যানার্জির সমর্থনে এক সভায় বক্তব্য রাখছিলেন। আর সেই নিয়েই বিধায়কের অভিযোগ, তিনি যখন NRC আর CAA নিয়ে বক্তব্য রাখছিলেন তখন মাঝপথে তাকে থামিয়ে দেওয়া হয়। আর সেই সময় মঞ্চে উপস্থিত ছিল বলাগড় ব্লক তৃণমূল নেতৃত্ব, হুগলির যুব তৃণমূল নেতৃত্ব। আর তারপর তিনি মঞ্চ থেকে নেমেই সোজা চলে যান বিধায়ক অফিসে।

তৃণমূল বিধায়ক বলেন, ‘দলে বার বার অপমানিত হচ্ছি। আমি বহিরাগত, অনুপ্রবেশকারী, এই সমস্ত কথা বিজেপি সিপিএম বলছে না, বলছে আমার দলের লোকেরাই। আমি সব কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাতে যাব কেন স্থানীয় নেতারা যখন আছেন?’

তিনি বলেন, ‘আমাকে একটা চেয়ারে বসিয়ে দিয়েছে, আমার কী অধিকার রয়েছে? নির্বাচন পরিচালনার জন্য আমাকে কী ক্ষমতা দেওয়া হয়েছে? কতখানি সক্ষমতা আমার রয়েছে? সবইতো তারা নিজেদের হাতে কেন্দ্রীভূত করে রেখেছে? আমি শো পিস। যেভাবে কমিটি তৈরি হয়েছে সেখানে তাদের মন মত লোককে রাখা হয়েছে। আমার মন মতো কেউ নেই। চেয়ারম্যানের নিজের পছন্দের দুটো লোক থাকতে পারবে না কমিটিতে?’

তিনি আরও বলেন, ‘দিদির আদেশে তৃণমূল দলটাকে শক্তিশালী করতে চেয়েছি। গত তিন বছরে আমি সাধ্যমত সেটা করেছি। স্থানীয় নেতাদের তা মনঃপুত নয়। স্থানীয় নেতারা জনপ্রিয়তায় নীচে চলে যাচ্ছে, তাই তাঁদের … (বিশেষ শব্দ প্রয়োগ)।’

মনোরঞ্জন ব্যাপারীর বক্তব্য থামানো প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে রচনা বলেন, ‘আমি দেখিনি। আমি জানি না । না জেনে মন্তব্য করব না। আমি দেখার পর মন্তব্য করব কেন হয়েছিল কী হয়েছিল।’

তাঁর সংযোজন, ‘আমি যদি সাংসদ হয়ে আসি তাহলে এটা প্রথম নিশ্চিত করব যে কারও মধ্যে কোনও মনোমালিন্য যাতে না থাকে। সকলে এক হয়ে কাজ করব।’