ডিডি নিউজের লোগোর ‘গৈরিকীকরণ’! পুরনো রং ফেরানোর দাবি করলেন মমতা

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।
আর এবার নির্বাচন চলাকালীন আচমকাই দূরদর্শনের ডিডি নিউজ চ্যানেলের লোগো বদলে দেওয়া নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিষয়টি নজরে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
শনিবার এক্স হ্যান্ডেলে রাজ্যের মুখ্যমন্ত্রী লেখেন, ‘সারা দেশে ভোট চলছে। সেই সময় আচমকাই আমাদের দূরদর্শনের লোগোর ক্ষেত্রে গৈরিকীকরণ করায় আমি অবাক। এটা অনৈতিক যে শুধু তাই নয়, বেআইনিও বটে। ন্যাশানাল পাবলিক ব্রডকাস্টারের BJP পন্থী কাজকর্মকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই পদক্ষেপ।’
মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, ‘কী ভাবে ভোটের সময় নির্বাচন কমিশন এই পদক্ষেপ করতে দিল? নির্বাচন কমিশনের উচিত তা এখনই থামানো এবং দূরদর্শনের লোগোর আগের রং ফিরিয়ে দেওয়া হোক।’
এদিকে ডিডি নিউজের লোগোর রং বদল নিয়ে সম্প্রতি প্রসার ভারতীর প্রাক্তন সিইও তথা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জহর সরকার আক্রমণ করেছিলেন মোদী সরকারকে। তিনি জানিয়েছিলেন, এই বদলে তিনি ‘ব্যাথিত’।
যদিও প্রসার ভারতীর সিইও গৌরব দ্বিবেদী এই বিষয়ে যুক্তি দিয়েছেন। তাঁর দাবি, এই রং গেরুয়া নয়, কমলা। ডিডির লোগোর রং মাঝে মধ্যে বদলানো হয় বলেও দাবি করেছেন তিনি। কমলা, হলুদ এবং কালো রং সবথেকে বেশি নজর কাড়ে বলেও মন্তব্য করেন তিনি।