ডায়মন্ড হারবারে চিকিৎসকের রহস্য মৃত্যু, জামিনের আর্জি ফেরালেন লেডি অফিসার

ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের চিকিৎসক কল্যাণাশিস ঘোষের রহস্য মৃত্যুর মামলায়, এফআইআর তালিকায় নাম থাকা পুলিশের মহিলা সাব ইন্সপেক্টর অমৃতা পাখিরা দাস আলিপুর জেলা জজের আদালতে আগাম জামিনের আবেদন প্রত্যাহার করেছেন।

জামিনের আবেদনের প্রায় এক মাস পর, বুধবার আলিপুর জেলা জজের আদালতে শুনানির কথা থাকলেও, অমৃতার পক্ষের আইনজীবীরা আদালতে জানিয়ে দেন যে তারা এই মামলায় শুনানি করতে চান না। ফলে আদালত তা খারিজ করে দেয়।

প্রসঙ্গত, গত ৩ মার্চ ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের জনপ্রিয় চিকিৎসক কল্যাণাশিস ঘোষের অস্বাভাবিক মৃত্যু হয়। সেই ঘটনায় অভিযোগের তির ওঠে রিয়া দাস-সহ আরও পাঁচজনের বিরুদ্ধে। চিকিৎসকের পরিবারের করা এফআইআরে নাম ছিল অমৃতারও।

তার পরই ১১ মার্চ ডায়মন্ড হারবার মহিলা থানার প্রাক্তন ওসি অমৃতা আগাম জামিনের আবেদন করেছিলেন আলিপুর আদালতে। ডায়মন্ড হারবার থানার পুলিশ ইতিমধ্যে রিয়া, তার স্বামী অভিজিৎ দাস ও তাদের ঘনিষ্ঠ বন্ধু কলকাতা পুলিশের কনস্টেবল বাঁকিবিল্লা বোরহানিকে গ্রেপ্তার করে।

কিন্তু ঘটনার পর থেকে অমৃতা অন্তরালে থাকলেও সিআইডির খাতায় এখনও পলাতক। এফআইআরে নাম থাকা রিয়ার বাবা তাপস খাঁয়ের জামিনের আবেদন আলিপুর আদালত খারিজ করেছে আগেই।

অমৃতা জামিনের আবেদন প্রত্যাহার করার কারণ স্পষ্ট নয়। তবে আগাম জামিন না পাওয়ার সম্ভাবনা থেকেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে অনেকে মনে করছেন।

অন্যদিকে, মৃতের পরিবারের দাবি, চিকিৎসককে সম্পর্কের জালে ফাঁসিয়ে গোপনে ছবি তুলে রেখে দিনের পর দিন মানসিক এবং শারীরিক অত্যাচার চালানোর পাশাপাশি মোটা টাকা ব্ল্যাকমেল করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।

এই মামলার তদন্ত বর্তমানে সিআইডির হাতে।