ইসরায়েলের হামলায় নিহত সন্তান ও নাতি–নাতনি, মৃত্যুতে যা বললেন হামাস নেতা

ঈদের দিন ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় তিন ছেলে ও চার নাতি-নাতনির নিহতের ঘটনা গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া।
ইসরায়েল হত্যার বিষয়টি নিশ্চিত করেছে। বৃহস্পতিবার, ঈদের পরদিনও গাজায় বোমা হামলা অব্যাহত রয়েছে।

সংবাদমাধ্যম আল–জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাস নেতা হানিয়া বলেছেন, হামাসের সঙ্গে আলোচনার প্রক্রিয়া ভেস্তে দিতেই এমন হামলা হয়েছে।

তিনি আরো বলেন, যদি তারা মনে করে এই হামলার পর হামাসের অবস্থান বদলে যাবে, তাহলে সেটি তাদের অলীক কল্পনা।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হামাস যুদ্ধবিরতির প্রক্রিয়া এগিয়ে নিতে চায়। যুদ্ধবিরতি নিয়ে হামাস আলোচনা করছে।

ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সম্মত হতে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চাপ দিয়েছেন। গাজায় ত্রাণসহায়তা বাড়ানো ও রাফায় হামলার পরিকল্পনা বাদ দিতেও আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল এক সাক্ষাৎকারে বাইডেন এমনও বলেন, যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর দৃষ্টিভঙ্গি ভুল।

তবে যুদ্ধবিরতির আহ্বান জানানো সত্ত্বেও আজ ভোরে গাজায় একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। প্রত্যক্ষদর্শীরা বলছে, বিশেষ করে গাজার দক্ষিণাঞ্চলে এই হামলা হয়েছে।