ভারতে আসছেন এলন মাস্ক, টেসলার কারখানা নিয়ে হবে আলোচনা?

ভারত সফরে আসতে পারেন টেসলার মালিক এলন মাস্ক। অবশেষে সেই গুঞ্জনে সিলমোহর দিলেন তিনি নিজেই। ভারতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও দেখা করবেন তিনি। বুধবার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ নিয়ে আশাবাদী।’ অবশ্য কবে তিনি ভারতে আসবেন সেই বিষয়ে বিস্তারিত জানাননি টেসলার সিইও। গত বছর মোদি মার্কিন সফরের সময় বৈঠক করেছিলেন এলন মাস্কের সঙ্গে। সেই সময়ে নিজেকে ‘মোদির ফ্যান’ বলেও দাবি করেছিলেন মাস্ক। পাশাপাশি আশ্বাস দিয়েছিলেন খুব শীঘ্রই ভারতে আসতে চলেছে টেসলা।
Looking forward to meeting with Prime Minister @NarendraModi in India!
— Elon Musk (@elonmusk) April 10, 2024
সম্প্রতি টেসলার মতো সংস্থাকে ভারতে বিনিয়োগে উৎসাহী করতে ইতিমধ্যেই নতুন নীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার৷ সেই নীতিতে বলা হয়েছে, নির্দিষ্ট সংখ্যক বৈদ্যুতিন গাড়ির আমদানির শুল্কে ৮৫ শতাংশ অবধি ছাড় দেওয়া হবে। এর জন্য ন্যূনতম ৫০০ মিলিয়ন মার্কিন বিনিয়োগ করতে হবে এবং ৩ বছরের মধ্যে কারখানা তৈরি করতে হবে।