যথেষ্ট হয়েছে! অবৈধ নির্মাণ নিয়ে আপস নয়, নির্দেশ দিলেন মেয়র

কাউন্সিলার হোক বা নেতা—যেই অনুরোধ করুন না কেন, তা মানা হবে না। সোমবার পুরসভার বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়ারদের এই কথা স্পষ্ট জানিয়ে দিলেন মেয়র ফিরহাদ হাকিম।
তিনি বলেন, ‘এনাফ ইজ এনাফ। অনেক হয়েছে। বেআইনি নির্মাণের দিন শেষ। যাঁরা বেআইনি নির্মাণ করে কলকাতাকে ধ্বংস করছেন, তাঁদের দিন শেষ।’
তিনি বলেন, ‘অবৈধ নির্মাণ রুখতে গিয়ে ভয় পাবেন না। সাহসের সঙ্গে কাজ করুন। আপানরাই বেআইনি নির্মাণের মতো সামাজিক ব্যধি রুখতে পুরসভার সম্পদ। এই কাজে আপানাদের পাশে আমাকে সব সময়ে পাবেন। এলবিএসদের কাজের প্রতিও নজর রাখতে হবে। কোনও গাফিলতি নজরে এলে সেই বিল্ডিংয়ে লিখে দিতে হবে— ‘বিল্ডিং প্ল্যান সাসপেন্ডেড।’’
তাঁর সংযোজন, ‘কেউ যদি বেআইনি নির্মাণ নিয়ে অনৈতিক অনুরোধ করেন, কিংবা চাপ তৈরির চেষ্টা করেন, তা হলে স্পটে থেকে সরাসরি আমার সঙ্গে কথা বলবেন। যা নির্দেশ দেওয়ার আমি দিয়ে দেব।’