DM-দের কড়া হুঁশিয়ারি, ২ জেলা নিয়ে ‘অসন্তুষ্ট’ স্পেশাল জেনারেল অবজার্ভার

নির্বাচন কমিশনের বিশেষ সাধারণ পর্যবেক্ষক অলোক সিনহা বুধবার সকালে রাজ্যে এসে পৌঁছেছেন। সূত্রের খবর, কোচবিহার এবং উত্তর ২৪ পরগনা জেলার রিপোর্ট নিয়ে কমিশন ‘অসন্তুষ্ট’।
বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) থেকে বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন অলোক সিনহা।
বৈঠকের শুরুতেই কোচবিহারের পরিস্থিতি নিয়ে জানতে চান তিনি। পাশাপাশি উত্তর ২৪ পরগনা নিয়েও বিশেষ মন্তব্য করেন তিনি। সেখানে কেন এত ‘গন্ডোগোল’ হচ্ছে? প্রশ্ন তোলেন অলোক সিনহা।
নির্দেশ না মানলে কড়া পদক্ষেপ করতে সময় নষ্ট করবে না কমিশন, তাও স্পষ্ট করে দেন তিনি।
আবহাওয়ার পরিস্থিতি প্রসঙ্গও উঠে আসে তাঁর কথায়। ভোটের বাজারে হু হু করে বেড়ে চলেছে তাপমাত্রার পারদ। কোনওভাবেই যাতে গরম বড় বিপত্তি না ডেকে আনে সেই কারণে প্রতিটি সেক্টর অফিসে মেডিক্যাল টিম রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, এদিন ফোনে জেলাশাসকদের সঙ্গে কথা বলেন বিশেষ পর্যবেক্ষক।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, এডিজি আইন শৃঙ্খলা, রাজ্য পুলিশের নোডাল অফিসার, শুল্ক, শ্রম দফতরের প্রতিনিধিরা।
এছাড়াও আন্তঃসীমান্ত পরিস্থিতি নিয়েও বৈঠক হয় এদিন।
পাঁচ তারিখ রাজ্যে আসছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত পঞ্জাবের ১৯৮৪ ব্যাচের আইপিএস অনীল কুমার শর্মা।
এরপরই ৬ তারিখ বিশেষ পুলিশ পর্যবেক্ষক এবং সাধারণ বিশেষ পর্যবেক্ষকের সঙ্গে রাজ্যের সিইও-র দ্বিতীয় দফার বৈঠক হবে।
বৃহস্পতিবার বিশেষ পর্যবেক্ষক নিজে দফতরে উপস্থিত থাকবেন।
লোকসভা নির্বাচনের প্রথম দফায় তিন কেন্দ্রে ভোট, সমস্যায় অভিযোগ জানান পর্যবেক্ষকদের এই নম্বরে?
উল্লেখ্য, প্রত্যেক জেলার ভোটদাতারা যাতে ভোট দিতে পারেন সেই জন্য একাধিক পদক্ষেপ করা হচ্ছে। পাশাপাশি ভোটারদের সংখ্যা যেখানে কমে যাচ্ছে সেখানেও কমিশনের তরফে চালানো হচ্ছে প্রচার।