‘ঝড় হলেই তৃণমূলের পোয়াবারো’, TMC কে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

এরই মাঝে এবার ঝড়ের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

সংবাদমাধ্যমের এক প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, ‘ঝড় হলেই তৃণমূলের পোয়াবারো। যা মাল আসবে ঝেড়ে ফাঁক করে দেবে। ওরা চায় বন্যা হোক, ঝড় হোক, ভূমিকম্প হোক, তাহলেই কামাই হবে। সরকারে যাঁরা আছেন, তাঁদের কাজ সেখানে দাঁড়িয়ে ক্ষতিগ্রস্তদের মনোবল বাড়ান, ক্ষতিপূরণ দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসা।’

দিলীপ ঘোষ আরও বলেন, ‘আমরা বিরোধী দল। আমরা মানুষের সঙ্গে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কথায় এত টাকার ফিরিস্তি শোনান কিন্তু মানুষের কাছে পৌঁছায় না। আয়লা আমফানে টাকা এল, অথচ গেল তৃণমূলের নেতা ও আত্মীয়দের পকেটে। যাঁর বাড়ি ভেঙেছে তিনি কিছু পেলেন না। এবার যেন তা না হয়।’

দিলীপ ঘোষ মন্তব্য করেন, ‘ঝড় তো উত্তরবঙ্গে শুরু হচ্ছে, ভোট ওই দিক থেকেই শুরু হচ্ছে, বিজেপির ঝড় শুরু হয়েছে, তাতেই সবকিছু লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে।’

দিলীপের সেই মন্তব্যকে ঘিরে শুরু হয় শোরগোল। এরপরেই নিজের মন্তব্যের ড্যামেজ কন্ট্রোল করে দিলীপ ঘোষ, ‘এই সময় কালবৈশাখী হয়, উত্তরবঙ্গে কালবৈশাখী এই সময় প্রথম দেখলাম, খুব ভয়ঙ্কর কালবৈশাখী হয়েছে, বহুলোক আহত হয়েছেন, মারাও গিয়েছেন, এবার আবহাওয়া সত্যিই খুব খারাপ। তাই প্রাকৃতিক দুর্যোগে সরকারের দায়িত্ব সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। আমাদের দলের লোকেরাও মানুষের পাশে দাঁড়াচ্ছে।’