“থানার বাইরে বসে থাকত, চা বিস্কুট এনে দিত”-শেখ শাহজাহানের ‘অতীত’ ফাঁস করলেন প্রাক্তন IPS

দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে গ্রেপ্তার করা হয়েছে সন্দেশখালির প্রভাবশালী তৃণমূল নেতা শেখ শাহজাহানকে।শেখ শাহজাহানের বিরুদ্ধে ১৪৭, ১৪৮ ও ১৪৯ সহ বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। ইডির তল্লাশি চলাকালীন তার সমর্থকরা ইডি আধিকারিকদের উপর হামলা চালায় বলে অভিযোগ।

আর এবার এই শেখ শাজাহান এর অতীত নিয়ে মুখ খুললেন প্রাক্তন আইপিএস অফিসার তথা বর্তমানে বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধর।

দেবাশিস ধর বলেন, ‘এই আমলে অনেক ভালো ভালো লোক থাকা সত্ত্বেও আমার মনে হয় যাঁরা সমাজের প্রথম সারির, বা বুদ্ধিজীবী, তথাকথিক বুদ্ধিজীবী বলতে যা বোঝায়, শিক্ষা সংক্রান্ত যাঁদের অভিজ্ঞতা রয়েছে, তাঁদের বাইপাস করে বেশকিছু এমন লোক এসেছেন…, যেমন শাহজাহান শেখ (শেখ শাহজাহান)। আমি শাহজাহান শেখকে ব্যক্তিগতভাবে চিনি। আমি বসিরহাটের এসডিপিও ছিলাম ২০১০-১১ সালে। শাহজাহান শেখের তখন কাজ ছিল, সন্দেখশালি থানার বাইরে বসে থাকত। সন্দেশখালি থানা নদী পেরিয়ে যেতে হয়। ওই দ্বীপে তখন কিছু পাওয়া যেত না। আমি চা খেতে ভালেবাসতাম। চা-কফির বিষয়ে আমি খুব শৌখিন। ওকে (শেখ শাহজাহান) বলত, যা সাহেবে এসেছেন, ভালো চা পাতা আর বিস্কুট নিয়ে আয়। ও তখন নদী পেরিয়ে গিয়ে চা আর টোস্ট বিস্কুট নিয়ে আসত। সে হয়ে গেল নেতা শুধু নয় জেলা পরিষদের কর্মাধ্যক্ষ।’

সম্প্রতি সংশোধনাগারে গিয়ে শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করে ইডি। তবে সেই জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর না পেয়ে তাঁকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।