CBI: নেতা-মন্ত্রী নয়, বনগাঁয় বেছে-বেছে ১০ জনের কাছে গেল CBI-এর চিঠি

গত ৫ই জানুয়ারি, শঙ্কর আঢ্যর বাড়িতে তল্লাশি চালানোর সময় ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে সিবিআই। ইতিমধ্যেই এই ঘটনায় একাধিকজনকে গ্রেফতার করা হয়েছে।
সিবিআই সূত্রে খবর, সংশ্লিষ্ট এলাকায় এখনও পর্যন্ত মোট দশ জনকে নোটিস দেওয়া হয়েছে। ১ মার্চ ও ২ মার্চ দু’দফায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার দিন, ৫ জানুয়ারি রাত্রিবেলা শঙ্কর আঢ্যকে গ্রেফতার করে ফেরার পথে তারই বাড়ির কাছে ইডির গাড়ির উপর হামলার ঘটনা ঘটে।
তদন্তকারীরা ঘটনার দিনের প্রাথমিক তথ্য প্রমাণ, এলাকা থেকে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ওই দিন যাঁরা যাঁরা জমায়েত করেছিলেন সেরকম বেশ কয়েকজনকে চিহ্নিত করেছেন।
গোয়েন্দারা জানতে চান, ঘটনার দিনের যারা জমায়েত ও বিক্ষোভ দেখিয়েছিলেন, তাঁদের কার কী ভূমিকা ছিল। ওই দিন রাতে শঙ্করের বাড়ির বাইরে কার নির্দেশে জমায়েত সংগঠিত হয়েছিল তাও খোঁজ করছেন আধিকারিকরা।
এই ঘটনায় সিবিআইয়ের তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে।