মর্মান্তিক দুর্ঘটনা, নির্মীয়মাণ আবাসনের ইট মাথায় পড়ে মৃত্যু হলো মহিলার

বিরাটি, উত্তর ২৪ পরগনা: শনিবার রাতে উত্তর ২৪ পরগনার বিরাটিতে নির্মীয়মাণ আবাসনের একটি অংশ ভেঙে পড়ে পাশের বাড়ির এক মহিলার মৃত্যু হয়েছে। মৃতের নাম কেয়া শর্মা চৌধুরী। ঘটনাটি ঘটেছে শরৎকালোনি এলাকায়। উত্তর দমদম পুরসভার ১৭ নং ওয়ার্ডে এই আবাসনটি তৈরি হচ্ছিল। এই ঘটনায় ওই বিল্ডিং তৈরিতে কর্মরত প্রায় ১৮ জনকে আটক করেছে বিমানবন্দর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, বিল্ডিং থেকে ইট পড়ে আহত হন ওই মহিলা। এরপর তড়িঘড়ি তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মৃতার স্বামী বলেন, “ও ফোনে কথা বলছিল। সেই সময় একটি ইট ভেঙে পড়ে। এভাবে আর যাতে কারও কোনও ক্ষতি না হয় সেই জন্য আমি পদক্ষেপ করব। প্রয়োজনে আইনি লড়াই লড়ব।” তিনি ওই নির্মীয়মাণ বাড়ির আইনি বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। রাতেই ঘটনাস্থলে যান উত্তর দমদম পুরসভার পুরপ্রধান বিধান বিশ্বাস। তিনি জানান, যদি বেআইনি নির্মাণ প্রমাণিত হয় সেক্ষেত্রে পুরসভা ব্যবস্থা গ্রহণ করবে। তবে উত্তর দমদমে কোনও বেআইনি নির্মাণ বা কাজ হয় না বলেই দাবি করেছেন তিনি। পাশাপাশি মৃতার পরিবারের সঙ্গে দেখা করেন তিনি এবং পাশে থাকার আশ্বাসও দিয়েছেন।

পুলিশ সূত্রে খবর, রাত ৮টার কাছাকাছি সময় এই ঘটনা ঘটে। ছাদের পাঁচিলের একটি অংশ ভেঙে পড়ায় বিপত্তি। এই বাড়িটিতে কর্মরত ১৮ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত পুলিশে কোনও অভিযোগ জমা পড়েনি। অভিযোগ জমা পড়লে তার ভিত্তিতে শুরু হবে তদন্ত।

কিছুদিন আগে গার্ডেনরিচে একটি বহুতল ভেঙে একাধিকজনের মৃত্যু হয়। এই ঘটনার পর কলকাতা পুরসভা বেআইনি নির্মাণ ঠেকাতে বিশেষ অ্যাপ চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
এই ঘটনা আবারও শহরের বেআইনি নির্মাণের ঝুঁকি তুলে ধরেছে।