মর্মান্তিক ঘটনা! ব্যস্ত বাজারে গাড়ি বিস্ফোরণে মৃত কমপক্ষে ৮, আহত একাধিক

রবিবার ভোররাতে উত্তর সিরিয়ার আজাজ শহরের একটি বাজারে গাড়ি বিস্ফোরণে কমপক্ষে ৮ জন নিহত এবং ২০ জনেরও বেশি আহত হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, পবিত্র রমজান মাসে রোজা ভাঙার পর ভোররাতে কেনাকাটা করার সময় এই ভয়াবহ বিস্ফোরণটি ঘটে। এক প্রত্যক্ষদর্শীর বক্তব্য অনুযায়ী, বিস্ফোরণের সময় বাজারে ক্রেতাদের ভিড় ছিল প্রচন্ড।

বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় অ্যাম্বুল্যান্স ও দমকল বাহিনী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত কেউ এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

উল্লেখ্য, দু’বছর আগেও সিরিয়ার প্রেসিডেন্ট বিরোধী তুরস্ক সমর্থিত সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী দ্বারা পরিচালিত এই জনবহুল শহরটিতে একটি গাড়ি বিস্ফোরণ হয়েছিল। তারপর থেকে পরিস্থিতি তুলনামূলকভাবে শান্ত ছিল।

তবে উত্তর-পশ্চিম সীমান্তের প্রধান শহরগুলিতে বিগত কয়েক বছরে প্রায়ই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিদ্রোহী গোষ্ঠী নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিমের বাসিন্দারা দীর্ঘদিন ধরে কুর্দি নেতৃত্বাধীন ওয়াইপিজিকে (YPG) এধরনের হামলার জন্য সন্দেহ করে আসছে। এই গোষ্ঠী মূলত উত্তর-পূর্ব সিরিয়া এবং উত্তর সিরিয়ার ইউফ্রেটিসের পূর্বে বিশাল এলাকা নিয়ন্ত্রণ করে থাকে। যদিও ওয়াইপিজি এধরনের হামলার দাবি অস্বীকার করেছে।