“যুদ্ধ আসন্ন, তবে প্রস্তুতি নেই ইউরোপের”-হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড টাস্ক

যুদ্ধপূর্ব একটি পরিস্থিতির মধ্যে প্রবেশ করেছে ইউরোপ। কিন্ত এ নিয়ে ইউরোপের কোনো প্রস্তুতি নেই বলে জানিয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ইউক্রেন রাশিয়ার কাছে পরাজিত হয়, তবে ইউরোপে কেউ নিরাপদ থাকবে না।

ইউরোপীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে টাস্ক বলেন, কাউকে ভয় দেখাতে চাই না, কিন্তু যুদ্ধ এখন আর অতীতের কোনো ধারণা নয়। যুদ্ধই এখন বাস্তব, আর তা দুই বছর আগে শুরু হয়েছে।

নিজ নিজ দেশের নিরাপত্তা ও সুরক্ষা আরো শক্তিশালী করতে ইউরোপের রাষ্ট্রনেতাদের আহ্বান জানান টাস্ক। সামরিক দিক দিয়ে ইউরোপ স্বনির্ভর হয়ে উঠলে সহযোগী হিসেবে তারা যুক্তরাষ্ট্রকে আরও সহজে পাশে পাবে, এমন মত দেন তিনি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ইউক্রেনে তাদের ক্ষেপনাস্ত্র হামলা জোরদার করেছে। এই হামলার আঁচ থেকে বাঁচতে ন্যাটোর বিমান প্রস্তুত রেখেছিল পোল্যান্ড। এ হামলায় ইউক্রেনে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।