Kejriwal: জেল থেকেই সরকার! রবির সকালে প্রথম অর্ডার জারি করলেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

জেল থেকেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা শুরু করলেন অরবিন্দ কেজরিওয়াল। রবিবার সকালে তিনি প্রথম নির্দেশ জারি করলেন।

মন্ত্রী অতিশি বলেন, ‘জল দফতরের জন্য প্রথম অর্ডার ইস্যু করেছেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। একটি নোট পাঠিয়েছেন তিনি।’

আইন বিশেষজ্ঞদের মতে, গ্রেফতারির পর কোনও মুখ্যমন্ত্রীর তাঁর পদ থেকে ইস্তফা দেওয়া বাধ্যতামূলক নয়। গ্রেফতার হওয়া মানেই আইনের চোখে যে দোষী নয়। কোনও মুখ্যমন্ত্রী গ্রেফতার হলে তাঁর পদ চলে যায় না।

পঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি নেতা ভগবন্ত মানের বক্তব্য, যদি অরবিন্দ কেজরিওয়ালকে জেলে পাঠানো হয় তবে আদালতের অনুমতি নিয়ে জেলেই মুখ্যমন্ত্রীর দফতর তৈরি করবেন তাঁরা।

লোকসভার প্রাক্তন মহাসচিব এবং সংবিধান বিশেষজ্ঞ পি ডি টি আচার্যর মতে, ‘ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ক্যাবিনেট মিটিং সম্ভব। তবে জেল থেকে ক্যাবিনেট মিটিং করার জন্য জেল প্রশাসনের অনুমতির প্রয়োজন। অরবিন্দ কেজরিওয়াল জেলবন্দি হলে এবং কর্তৃপক্ষ তাঁকে অনুমতি দিলে তিনি জেল থেকেই সরকার চালাতে পারবেন।’