SPORTS: সাধারণ থেকে হয়েছেন রংবাজ, বিশ্বজয়ীদের মঞ্চে রিঙ্কুর রংবাজি দেখা যাবে আজ?

শুক্রবারের মতোই আজ ইডেনে উত্তেজনা। একদিকে পার্পল ব্রিগেড, অন্যদিকে অরেঞ্জ আর্মি। দোল শেষ হলেও চার-ছক্কার রংবাজি থামবে না।
কয়েকদিন আগে সবরমতীর তীরে চিরশত্রু ছিলেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, ট্র্যাভিস হেড। আজ ইডেনে তারাই আইপিএল ১৭-র সুপারহিট মুখ। কেকেআর-এর মিচেল স্টার্ক ও হায়দরাবাদের প্যাট কামিন্সের আইপিএলের দাম প্রায় ৪৫ কোটি।
আবার সে এসেছে ফিরিয়া! হইহই করে ফিরেছে আইপিএল। জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কেকেআর ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের কথা, “এখন ফোকাস আইপিএল। টিমকে চ্যাম্পিয়ন করা।” প্যাট কামিন্সও চান নিজামের শহরের মুকুটে আইপিএলের তাজ এনে দেওয়া।
লোকসভা নির্বাচন, কেজরিওয়ালের গ্রেপ্তার, দোল-হোলি–সব কিছুর মধ্যেও প্রাইম টাইমে গোটা দেশের হটকেক আইপিএল। আজ শনিবার সন্ধে থেকে চার-ছক্কার ঝংঙ্কার বিট্স বাজা শুরু শহর কলকাতার বুকেও।
চার-ছক্কাই যে মাই বাপ! দু’বছর আগে রিঙ্কু সিং কেবল একজন সাধারণ যুবক ছিলেন। আজ তিনি কলকাতার সেরা রংবাজ।
মিচেল স্টার্ক, আন্দ্রে রাসেল, ফিল সল্ট, সুনীল নারিন, রহমনুল্লাহ গুরবাজের মধ্যেও রিঙ্কু উজ্জ্বল আলিগড়ের হীরের মতো।
আকাশছোঁয়া টিকিটের চাহিদা নেই আজকের ম্যাচে। রিঙ্কুকে ছুঁতে চান অজস্র সমর্থক। প্রথমে শাহরুখ খান, পরে আন্দ্রে রাসেল, এবার রিঙ্কু নাইটদের আসলি হিরো।
বিশ্বজয়ীদের মঞ্চে রিঙ্কুর রংবাজি ভারতের বিশ্বজয়ের স্বপ্নকেই উস্কে দিচ্ছে। আইপিএলে নিজের মেজাজে খেলতে পারলে জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় টিমের ফিনিশারের চরিত্রে অটোমেটিক চয়েস হতে পারেন রিঙ্কু।
কিন্তু ফ্র্যাঞ্চাইজির দুনিয়া নিষ্ঠুর। ব্যর্থতার জায়গা নেই। শুধু ব্যাট-বলের লড়াই নয়, জোড়া বাউন্সারের ক্যালকুলাসও ঘুরবে ক্রিকেটারদের মাথায়।
মন অবশ্য পড়ে সেই চার-ছক্কায় এবং অবশ্যই রিঙ্কুর রংবাজিতে।