Arvind Kejriwal : জেল থেকে সরকার চালাতে পারবেন কি কেজরিওয়াল? কী বলছে দেশের আইন?

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মদ নীতি কেলেঙ্কারির অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে।

ভারতের লোকসভা নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে নয়াদিল্লির রাজনীতিতে এমন চমকপ্রদ ঘটনা দেখা গেছে।

স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছেন। তার রাজনৈতিক দল আম আদমি পার্টি জানিয়েছে, গ্রেপ্তার হলেও কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন।

এছাড়া তিনি জেল থেকেই মুখ্যমন্ত্রীর সব দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন দিল্লির মন্ত্রী ও আম আদমি পার্টির নেত্রী অতিশি। তিনি বলেছেন, “অরবিন্দ কেজরিওয়াল দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী আছেন এবং তিনি থাকবেন।” দিল্লি সরকারে অরবিন্দের পরের অবস্থানেই রয়েছেন অতিশি।

দিল্লি সরকারের মন্ত্রী অতিশি বলেন, ‘কেজরিওয়াল প্রয়োজনে জেল থেকেই সরকার চালাবেন। তিনি ইস্তফা দেবেন না।’ সুপ্রিম কোর্টের আইনজীবী অশ্বিনী উপাধ্যায় বলেন, ‘কোও মুখ্যমন্ত্রী যদি পদে থাকাকালীন গ্রেফতার হন অথবা জেলবন্দি হন, তাহলেও তাঁর ইস্তফা দেওয়ার প্রয়োজন নেই। রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে এমন কোনও বিষয় উল্লেখ নেই, পদত্যাগ করাই বাধ্যতামূলক। কোনও মুখ্যমন্ত্রী জেলবন্দি হলে তাঁর পদত্যাগ করার কোনও আইন বাধ্যবাধকতা নেই।’ সুপ্রিম কোর্টের অপর আইনজীবী জ্ঞানন্ত সিং বলেন, ‘সাজাপ্রাপ্তের ছয় বছর পর্যন্ত ভোটে লড়ার উপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে দোষীরা সংসদ কিংবা বিধানসভা নির্বাচনে লড়তে পারেন। জেলবন্দি অভিযুক্ত মন্ত্রী পদেও থাকতে পারেন।’