বিজেপির-র তৃতীয় তালিকাতেও নেই বাংলার প্রাথী, গেরুয়া শিবিরে বাড়ছে উদ্বেগ

বৃহস্পতিবার বিজেপি তাদের তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে, কিন্তু বাংলার কোনও প্রার্থীর নাম তালিকায় নেই। এই ঘটনায় বাংলার বিজেপি নেতা-কর্মীদের একাংশ হতাশ বলে মনে করছে রাজনৈতিকমহলের একাংশ।

প্রথম দফায় বিজেপি বাংলার ২০ আসনে প্রার্থী ঘোষণা করেছিল। দ্বিতীয় দফায়ও বাংলার কোনও আসনে প্রার্থী দেয়নি গেরুয়া শিবির। তৃতীয় দফায়ও বাংলার কোনও প্রার্থী না থাকায় নেতা-কর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

কয়েকদিন আগেই তৃণমূল এই প্রার্থী নিয়ে বিজেপিকে খোঁচা দিয়েছিল। তৃণমূল নেতা কুণাল ঘোষ কটাক্ষ করে বলেছিলেন, “কে কে হারবে সেই নাম এখনও ঠিক করতে পারেনি বিজেপি। ওদের ভোটে লড়া মানে তো হারা। লোক পাচ্ছে না, আর আমাদের তো ৪২টা কেন্দ্রে ঝড় উঠে গিয়েছে। এরপর দেওয়াল কোথায় পাবে?”

বিজেপি নেতা শমীক ভট্টাচার্য যদিও বলেছিলেন, “মানুষকে ঠিক সময় প্রার্থী তালিকা জানিয়ে দেওয়ার দায়িত্ব বিজেপির, সেটা আমরা জানিয়ে দেব। বিজেপির ওপর মানুষের আগ্রহ এতটাই বেশি যে প্রার্থী তালিকা নিয়ে বেশি আলোচনা হচ্ছে।”

তৃতীয় তালিকাতেও বাংলার কোনও প্রার্থীর নাম না থাকায় শমীক ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বিজেপির প্রচার নিয়ে অন্য অনেকেই চিন্তিত হয়ে পড়ছেন। আমাদের রণকৌশল তো কোনও রাজনৈতিক দলের প্রশ্নে ঠিক হবে না, বা কোনও স্টুডিওর ফ্লোরে ঠিক হবে না, আমরা ঠিক সময় প্রার্থী ঘোষণা করব। আমরা সংগঠনগতভাবে প্রস্তুত।”

রাজনৈতিকমহলের একাংশ মনে করছে, এর ফলে হয়ত প্রচারের ময়দানে কিছুটা হলেও পিছিয়ে পড়তে পারে বিজেপি। এখন দেখার শেষ পর্যন্ত কৌন রণকৌশল নেয় গেরুয়া শিবির।