BigNews: কেজরিওয়ালের বাড়িতে ইডি হানা, বাড়ছে গ্রেফতারির আশঙ্কা

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে ইডি হানা। আপ সুপ্রিমোর বাড়িতে হঠাৎই হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি দল। এসিপি পদমর্যাদার একাধিক কর্মকর্তা পৌঁছেছেন তাঁর বাড়িতে। গ্রেফতারি থেকে রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কেজরিওয়াল। তবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে রক্ষাকবচ দেয়নি দিল্লি হাইকোর্ট। মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে মোতায়েন পুলিশ।
আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কেজরিওয়ালকে পরপর নয়বার নোটিশ পাঠায় ইডি। তবে কোনওবারই হাজিরা দেননি আপ সুপ্রিমো। সম্প্রতি ইডি রাউজ অ্যাভিনিউ আদালতে কেজরিওয়ালের বিরুদ্ধে আবেদন জানায়। কেজরিওয়াল সশরীরে হাজির হয়ে ১৫ হাজার টাকার বন্ডে জামিন পান। এরপর ইডির নোটিশকে ‘বেআইনি’ দাবি করে মঙ্গলবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন কেজরিওয়াল।
কেজরিকে জল বোর্ড মামলায় সোমবার সশরীরে হাজিরা দিতে বলা হয় । কিন্তু সেই তলব দিল্লির মুখ্যমন্ত্রী এড়িয়ে যান। বৃহস্পতিবার আবগারি দুর্নীতিতে তলব করা হলেও হাজিরা দেননি। কিন্তু রক্ষাকবচ চেয়ে আবেদন করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী।